মালয়েশিয়ায় মাটিচাপায় তিন বাংলাদেশি নিহত
সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ।
মালয়েশিয়ায় সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটিচাপা পড়ে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১), শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০) ও একই থানার মো. সাজ্জাদ হোসেন (২০)।
বৃহস্পতিবার দুপুরে কেলান্তান প্রদেশে মাচিং কামপুং মাকা স্থানে সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ।
মাচিং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, নিহত তিন বাংলাদেশি শ্রমিক কামপুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কামপুং জোহ থেকে কামপুং কুয়ালা তুজু পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। এসময় ১০ মিটার গভীরে মাটিতে চাপা পড়েন তারা।
এ দুর্ঘটনার খবর প্রকাশ করেছে মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলো। ‘নিউ স্ট্রেইটস টাইমস’ পত্রিকাকে স্থানীয় প্রত্যক্ষদর্শী নারী আনিস আসিকিন আরিফিন (২৯) জানান, ওইদিন নিজ বাড়িতে দুপুরের খাবার রান্না করছিলেন তিনি। হঠাৎ নির্মাণস্থলে শ্রমিকদের চিৎকার শুনতে পান।
এসময় বেশ কয়েকজন শ্রমিককে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারের জন্য খননযন্ত্র ব্যবহার করে মাটি খনন করতে দেখেন তিনি। কিছুক্ষণ পর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকেলে তিনজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়।
মোহাম্মদ ইয়াসিন নামে এক প্রবাসী বাংলাদেশি বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, নিহত জাহিদুল খান ও মো. সাজ্জাদ হোসেন দুজন আপন খালাতো ভাই। ভাগ্য বদলের উদ্দেশ্যে কয়েক মাস আগে তারা মালয়েশিয়ায় আসেন।
গত মাসের প্রথম দিকে কেলান্তানে সড়ক নির্মাণের কাজে যোগ দিয়েছিলেন তারা। সড়কের খনন করা মাটি ধসে তাদের গায়ে পড়লে তারা চাপা পড়ে মারা যান।
