২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার সুলতান আহমেদের মৃত্যু

একাত্তরে বাল্টিমোরে পাকিস্তানের জন্য অস্ত্র বোঝাই জাহাজ আটকে দিতে সাহসী ভূমিকা পালন করেন তিনি।

যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার সুলতান আহমেদের মৃত্যু
সুলতান আহমেদ

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 07:20 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

বিশ্ব ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটির প্রাক্তন চেয়ারম্যান, একাত্তরে মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে সাহসী ভূমিকা রাখা সুলতান আহমেদ মারা গেছেন । 

মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে তার মৃত্যু হয় বলে প্রবাসী লেখক-বিজ্ঞানী আশরাফ আহমেদ জানান। 

সুলতান আহমেদের বয়স ছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। 

ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার ভিয়েনায় পরিবার নিয়ে থাকতেন সুলতান আহমেদ। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। 

তার ছেলে স্বপনের বরাত দিয়ে আশরাফ আহমেদ জানান, সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করাতে হত সুলতান আহমেদের।

একাত্তরে তার ভূমিকার কথা তুলে ধরে আশরাফ আহমেদ বলেন, “মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ব্যবহারের জন্য পাকিস্তানি বাহিনীকে মার্কিন প্রশাসন যে সামরিক অস্ত্র দিয়েছিল, সেই অস্ত্র বোঝাই জাহাজটি ম্যারিল্যান্ডের বাল্টিমোরে আটকে দিতে অসমসাহসী ভূমিকা পালনকারীদের একজন ছিলেন সুলতান আহমেদ। তিনি তখন যুক্তরাষ্ট্রে পিএইচডি করছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনেও তিনি সে সময় ভূমিকা রাখেন।” 

বাংলাদেশে সুলতান আহমেদের বাড়ি রাজশাহী জেলায়। এক সময় ওয়াশিংটন মেট্রো এলাকার প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক’ এর সভাপতি ছিলেন তিনি। 

ড. সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ, শতদল সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট কবির কিরণ এবং অর্থনীতিবিদ ড. ফাইজুল ইসলাম।