ফ্রাঙ্কফুর্টে জাতীয় শোক দিবস পালন
এই শোক সভায় জার্মানিতে জন্মগ্রহণকারী নতুন প্রজন্মের বাঙালিদের বঙ্গবন্ধুর অবদানকে ও তার নির্মম হত্যাকাণ্ডকে অবহিত করতে জার্মান ভাষায় বক্তব্য দেন মাঈশা রাহমান।
জার্মানিতে হেসেন প্রদেশ আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
স্থানীয় সময় রোববার ফ্রাঙ্কফুর্টের হাউস গোলোসের অডিটোরিয়ামে এক শোকসভার আয়োজন করা হয়। সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ রিপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক খান শিহাবের সঞ্চালনায় ভাবগম্ভীর পরিবেশে আলোচনা পর্ব শুরু হয়।
শুরুতে পঁচাত্তরের ১৫ অগাস্ট, ২০০৪ সালের ২১ অগাস্ট এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে নীরবতা পালন।
সকল শহীদদের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ নেন বক্তারা। অধিকাংশ বক্তা শোককে শক্তিতে রূপান্তরিত করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় স্বাধীনতার মূলমন্ত্র ও সংবিধানের অন্যতম মূলনীতি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এই শোক সভায় জার্মানিতে জন্মগ্রহণকারী নতুন প্রজন্মের বাঙালিদের বঙ্গবন্ধুর অবদানকে ও তার নির্মম হত্যাকাণ্ডকে অবহিত করতে জার্মান ভাষায় বক্তব্য দেন মাঈশা রাহমান।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সভাপতি ও জার্মান আওয়ামী লীগ নেতা মাহফুজ ফারুক। এছাড়াও আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ রিচার্ড, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূইয়া, শফিক মাক্স ট্রাউট, মিন্টু গোমবের্ট, জয়নূল চৌধুরী, মানিক মিয়া, শেখ আলম, মাখন সরকার, রাসেদ ভূঁইয়া, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইসলাম, ঠান্ডু মাতব্বর ও স্মৃতি চক্রবর্তী।
বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্ব-রচিত কবিতা পাঠ করেন দুইজন কবি- মুনিব রিজওয়ান ও সৈয়দ আহসান।
মুনিব রিজোয়ানের কবিতাটির শেষ পঙ্ক্তিগুলো ছিল-
উচ্চারণ করি প্রাণের গভীর থেকে
তুমিই সেই সহস্রাব্দের ফুল, অমিত শক্তি
প্রমিত স্পর্ধার একশব্দ অভিধান
শোষণ, বঞ্চনার বিরুদ্ধে এক মানব ভিসুভিয়াস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
