Published : 17 Oct 2023, 01:26 PM
নজরুলের কবিতা ও গানে যুক্তরাষ্ট্রে নিজেদের ১০ বছর পূর্তি উৎসব করেছে ‘নজরুল একাডেমি’।
শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকায় মেরি লুইস একাডেমি মিলনায়তনে 'নজরুল জয়ন্তী’ করেন তারা। ডানা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল।
জিয়াউদ্দীন আহমেদের সঞ্চালনায় ‘বিশ্বায়নে নজরুল’ বিষয়ক আলোচনায় অংশ নেন নজরুল গবেষক অ্যামিরিটাস অধ্যাপক উইনস্টন ল্যাংলি, নজরুল গবেষক গুলশান আরা কাজী, কাজী বেলাল ও অধ্যাপক রেচেল ফেল ম্যাকডেরমট।
উইনস্টন ল্যাংলি বলেন, “নজরুল একজন পরিপূর্ণ বাঙালি হিসেবে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, রাজনৈতিক হানাহানি, শাসন-শোষণের বিরুদ্ধে লড়ে গেছেন। তিনি আজীবন মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন।”
রেচেল ফেল ম্যাকডেরমট বলেন, “নজরুল ইসলামের সাংস্কৃতিক প্রভাবকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বেশ আলাদাভাবে স্মরণ করা হয়, যাকে মুসলিম পুনর্জন্মের প্রবক্তা এবং ‘একজন ধর্মনিরপেক্ষ আইকন’ হিসেবেও চিত্রিত করা হয়। নজরুল বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিম পুনর্জন্মের পথিকৃৎ হিসেবে বিজয়ী হয়েছেন।”
উৎসবে নজরুলের কবিতা, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন নজরুল একাডেমির ছাত্র-শিক্ষকরা। এতে অংশ নেন নাহরীন ইসলাম, কবির কিরন, রুমানা মাহজাবিন ও ফারুক আজম। নৃত্যানুষ্ঠান পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব পারফর্মিং আর্টস (বাফা)।
নজরুল সঙ্গীত পরিবেশনায় অংশ নেন শৌভিত রয় চৌধুরী, ঋতুজা ব্যানার্জি, সৃজিতা হিয়া ও ঋতিকা ব্যানার্জি। ‘বল বীর, চির উন্নত মম শির’ বিদ্রোহী কবিতার উপর নৃত্যকাব্য পরিবেশনায় ছিলেন মেহের কবির ও নীলা জারিন।
নজরুল একাডেমির নিজস্ব শিল্পীদের সমবেত পরিবেশনা ‘ঊষার দুয়ারে হানি আঘাত’ অনুষ্ঠানে ছিলেন নার্গিস রহমান, হাফিজা বেগম, শিরিন আহমেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, রুমা আলম, শৌভিত রয় চৌধুরী, রুমা চৌধুরী, নার্গিস বেগম, ঋতুজা ব্যানার্জি, প্রিয়া প্রিয়াঙ্কা, ফারহানা তুলি, ডানা ইসলাম ও শাহ আলম দুলাল।
লিমন চৌধুরীর পরিচালনায় একক সঙ্গীত পরিবেশন করেন প্রিয়া প্রিয়াঙ্কা, জারিন মাইশা, ফারহানা তুলি ও লিমন চৌধুরী। এছাড়া গান শোনান নজরুলসঙ্গীত বিশেষজ্ঞ নিরুপমা রহমান।