২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট ক্লাবের যাত্রা

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 03:09 PM

Updated : 22 Jul 2022, 02:56 PM

ওমানে যাত্রা শুরু করেছে প্রবাসীদের গড়া ‘বাংলাদেশ ক্রিকেট ক্লাব’।

এ উপলক্ষে স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী মাস্কাটের একটি হোটেলে উৎসব হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্লাবটি।

নাজমুল হক মিলারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম ‌কাউন্সেলর হুমায়ুন কবির।

বিশেষ অতিথি ছিলেন ওমান ক্রিকেট বোর্ডের পরিচালক এবং সিলেকশন কমিটির চেয়ারম্যান সৈয়দ আনোয়ার এহসান, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন চৌধুরী।

এবছর ওমান ক্রিকেট বোর্ড আয়োজনে প্রবাসী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশিদের সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠান থেকে।

বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানকে দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন হুমায়ুন কবির। ক্লাবটিকে শক্তিশালী করতে ৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন মো. ইয়াছিন চৌধুরী।

এতে আহ্বায়ক হয়েছেন আশরাফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ, সদস্য সচিব মোহাম্মদ শেখ ফাহাদ, সদস্য হয়েছেন জহিরুল ইসলাম, ওয়াহিদুর রহমান, মহিউদ্দিন সজিব ও সৈয়দ আরিফ।