২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে ‘সাশ্রয়ী’ হওয়ার আহ্বান কাদেরের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সঙ্কট একটি বৈশ্বিক সঙ্কট। বাংলাদেশ যাতে এই সঙ্কটের অভিঘাতে জর্জরিত না হয় সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে ‘সাশ্রয়ী’ হওয়ার আহ্বান কাদেরের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2022, 05:06 PM

Updated : 26 Jul 2022, 05:06 PM

মূল্যস্ফীতি এবং জ্বালানি সরবরাহের মতো বৈশ্বিক সঙ্কটে ‘মিতব্যয়ী’ হওয়ার পরামর্শ দিয়ে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান সঙ্কট একটি বৈশ্বিক সঙ্কট। বাংলাদেশ যাতে এই সঙ্কটের অভিঘাতে জর্জরিত না হয় সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

“বর্তমান সরকার সামনের সঙ্কট মোকাবিলার জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে।”

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান তুলে ধরে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, “জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস থাকলে কোনো সঙ্কটই মোকাবিলা করা কঠিন নয়।

“আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আসুন সকলেই দায়িত্বশীল হই; সকলেই মিতব্যয়ী এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হই।”

বিবৃতিতে জনগণের কল্যাণে মেগাপ্রকল্পগুলো বিএনপির ‘গাত্রদাহের’ কারণ হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

“যারা তাদের শাসনামলে হাওয়া ভবন, খোয়াব ভবন খুলে পাহাড় সমান দুর্নীতি আর লুটপাটে আকণ্ঠ নিমজ্জিত ছিল, দেশের মানুষের কল্যাণে বাস্তবায়িত মেগাপ্রকল্পসমূহ তাদের গ্রাত্রদাহের সৃষ্টি করবে সেটাই স্বাভাবিক।

“বিএনপি এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নের রাজনীতিতে কখনোই আস্থা রাখেনি। তাদের রাজনৈতিক দর্শনই ছিল লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা করা।” ”

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের উদ্দেশে তিনি বলেন, “মনে রাখা উচিত, তাদের শাসনামলে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণেই দেশের অর্থনৈতিক ভীত অত্যন্ত ‘দুর্বল হয়ে পড়েছিল।

“তাদের শাসনামলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কোনো দিন ৫ বিলিয়নের উপরে ছিল না।”

দেশের বর্তমান রিজার্ভের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও অবদান বিবৃতিতে তুলে ধরেন ওবায়দুল কাদের।

“সরকার প্রধানের নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসনের কারণেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের বেশি।

“জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।”

যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘নিউজউইক’ এর বরাত দিয়ে তিনি বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে নিউজ উইক নিবন্ধ প্রকাশ করে, তখন আমাদের দেশের একদল হতাশাবাদী ব্যর্থ রাজনীতিক হায় হায় রব তোলে!

“তাদের মনে রাখা উচিত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উন্নত রাষ্ট্রসমূহ যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না, সেখানে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”

বিশ্ববাজারে ক্রমাগতভাবে জালানির মূল্য বৃদ্ধির কারণে অনেক উন্নত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমে গেছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন এই রাজনীতিক।