২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগপৎ আন্দোলন: ঢাকায় ৭ জায়গায় সমাবেশ, আসছে নতুন কর্মসূচি

বিভাগীয় পর্যায়ে সারাদেশে আরও ৮টি সমাবেশ করবে বিএনপি

যুগপৎ আন্দোলন: ঢাকায় ৭ জায়গায় সমাবেশ, আসছে নতুন কর্মসূচি

ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2023, 06:04 PM

Updated : 03 Feb 2023, 06:07 PM

সরকার ‘হটানোর’ যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার ঢাকার সাত জায়গায় সমাবেশ করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। ১০ দফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচিও ঘোষণাও করবে তারা।

এ দিন ঢাকার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় সমাবেশ শুরু করবে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

এছাড়া গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে, ১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন প্রিতম ভবনের উল্টো দিকের সড়কে এবং গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেসক্লাবের পশ্চিম দিকে সমাবেশ করবে; এসব সমাবেশ শুরু হবে সকাল ১১টায়।

আর গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে মতিঝিলে নটরডেম কলেজের উল্টো দিকের সড়কে বিকাল ৪টায় এবং এফডিসির কাছে এলডিপি বিকাল ৩টায় সমাবেশ করবে।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবিতে আমাদের যুগপৎ এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। বেলা ২টায় আমরা এই সমাবেশের কার্য্ক্রম শুরু করব।”

গত ১০ ডিসেম্বর সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। এরপর `গণমিছিল’, `গণঅবস্থান’, বিক্ষোভ সমাবেশের কর্মসূচি করেছে বিএনপিসহ সমমনা দলগুলো।

বিভাগীয় পর্যায়ে সারাদেশে আরও ৮টি সমাবেশ করবে বিএনপি।

দলের দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ নয়টি বিভাগে সমাবেশ হবে। কুমিল্লায় (টাউন হল ময়দান) খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহীতে (সোনা মসজিদ মোড়) মির্জা আব্বাস, খুলনায় (সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়) গয়েশ্বর চন্দ্র রায়, বরিশালে(জেলা স্কুল মাঠ) আবদুল মঈন খান, চট্টগ্রামে (মহানগর বিএনপি অফিসের সামনে) নজরুল ইসলাম খান, ময়মনসিংহে (পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ) আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিলেটে (রেজিস্ট্রার মাঠ) সেলিমা রহমান, ফরিদপুরে (কমলপুর হাইস্কুল মাঠ) বরকত উল্লাহ বুলু, রংপুরে (মহানগর বিএনপি অফিসের সামনে) মোহাম্মদ শাহজাহান উপস্থিত থাকবেন।

প্রতিটি বিভাগে সমাবেশের প্রস্তুতি শেষ পর্যায়ে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।