২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যত দোষ নন্দ ঘোষ’ মানসিকতায় ভুগছে বিএনপি: কাদের

“এই নির্বাচনের পরও বিএনপির মুখে নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে আর কোনো কথা বলার যৌক্তিকতা থাকে না,” বলেন তিনি।

‘যত দোষ নন্দ ঘোষ’ মানসিকতায় ভুগছে বিএনপি: কাদের

ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2024, 04:50 PM

Updated : 10 Mar 2024, 04:50 PM

দেশের রাজনৈতিক বাস্তবতা না বুঝে বিএনপি শুধু ‘দোষারোপের রাজনীতি’ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “আমাদের দেশে আজকে রাজনীতির যে বাস্তবতা, এই বাস্তবতা বিএনপির মত একটা দল উপলব্ধি করতে পারছে না। এটাই আজকে প্রমাণ হচ্ছে যে, রিয়েলিটির সাথে তারা সম্পর্ক হারিয়ে ফেলছে।“

ঢাকার ধানন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে কথা বলছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

শনিবার হওয়া দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ ধরে কাদের বলেন, “এই নির্বাচনের পরও বিএনপির মুখে নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে আর কোনো কথা বলার যৌক্তিকতা থাকে না। তারা ‘যত দোষ নন্দ ঘোষ’ এ ধরনের একটা একটা মানসিকতায় ভুগছে এবং সেটাই তারা করে যাচ্ছে।”

বিএনপি ক্রমশ ‘ভুলের ফাঁদে’ আটকে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “এই যে এতগুলো নির্বাচন হয়ে গেল, বাংলাদেশের রাজনীতিতে আজকে এটা প্রমাণ হয়েছে শেখ হাসিনার হাতে এদেশের গণতন্ত্র নিরাপদ। তার হাতে যতদিন আছে দেশ পথ হারাবে না বাংলাদেশ। তিনি বাংলাদেশের রিয়েলিটি বোঝেন, মানুষের চোখের ভাষা মনের ভাষা বোঝেন, যেটা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে।

“রিয়েলিটির সাথে তাদের সম্পর্ক নেই। কারণ তারা মানুষের চোখের ভাষা বোঝে না, মনের ভাষা বোঝে না। সে কারণে রাজনীতিতে তারা ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ক্রমেই তারা ভুলের ফাঁদে আটকে যাচ্ছে।”

দ্বাদশ সংসদ নির্বাচনের দুই মাস বাদে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন, ছয়টি পৌরসভাসহ স্থানীয় সরকারের দুই শতাধিক পদে নির্বাচন হয়েছে শনিবার। বিএনপির বর্জনের মধ্যে এ নির্বাচনে আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক বা মনোনয়ন দেয়নি।

ময়মনসিংহে মেয়র নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটু; আর কুমিল্লায় নির্বাচিত হয়েছেন তাহসীন বাহার সূচনা।তারা দুজনই আওয়ামী লীগের নেতা।

নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, “জনগণ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এসব নির্বাচনে গড়ে ৬০% ভোটার ভোট দিয়েছে। সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দুয়েকটা ঘটনা ঘটেছে। স্থানীয় সরকারের এ সকল পর্যায়ের জনগণ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে।

“অনেক জায়গায় বিএনপি নেতারা ও নির্বাচনে অংশ নিয়েছেন এবং কিছু জায়গায় তাদের নেতারা জয়লাভ করেছেন। নির্বাচনে আওয়ামী লীগের কোনো দলীয় প্রতীক ছিল না। সরকারদলীয় প্রার্থী বা মনোনীত প্রার্থী হিসেবে কারো প্রচারণার কোনো সুযোগও ছিল না।”