২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ের সামনে বিক্ষোভ গণসংহতির

“বৈশ্বিক পরিস্থিতির সামান্য ধাক্কায় দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, চা শ্রমিকদের মজুরির দিকে তাকালেই তা দেখা যায়”, বলেছেন জোনায়েদ সাকি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 09:38 PM

Updated : 23 Aug 2022, 09:38 PM

পুলিশি বাধার মুখেও সচিবালয়ের সামনে বিক্ষোভ দেখাল গণসংহতি আন্দোলন।

‘পুলিশি হত্যাকাণ্ড ও আয়নাঘরে নির্যাতনের’ বিচার, চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরি ঘোষণা এবং জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে মঙ্গলবার দলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং সচিবালয়ের সামনে বিক্ষোভ হয়।

বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “এই সরকার কেবল ত্রাস সৃষ্টি করছে না, তারা উন্নয়নের নামে নিজেদের কাজকে জায়েজ করারও চেষ্টা করছে। কিন্তু তাদের উন্নয়নের ফানুস ফুটো হয়ে গেছে।

“বৈশ্বিক পরিস্থিতির সামান্য ধাক্কায় দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। চা শ্রমিকদের মজুরির দিকে তাকালেই তা দেখা যায়। তাদের ন্যায্য দাবি না মেনে মাত্র ২৫ টাকা বৃদ্ধি করে দয়া হিসেবে দেখাতে চায়। যারা সম্পদ তৈরি করে, তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে চায় এই সরকার।”

সাকী প্রশ্ন রাখেন, “চায়ের দাম, চালের দামসহ সকল পণ্যের দাম যদি বেড়ে থাকে, শ্রমিকদের মজুরি কেন বাড়বে না?”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আর এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যখনই মানুষ রাস্তায় নামে, তখনই ছাত্রলীগ-যুবলীগ দিয়ে হামলা চালানো হয়। গুম-খুন করা হয়। সারাদেশে বর্তমানে মানুষের ন্যায্য আন্দোলনে পুলিশ দিয়ে গুলি চালাচ্ছে।”

বিদ্যুৎখাতে দায়মুক্তি আইন বাতিল করে অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে একটি স্বাধীন জাতীয় কমিশন গঠন করার দাবিও করেন জোনায়েদ সাকি।

গণসংহতির নেতা তাসলিমা আখতার বলেন, “দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে, আজকে শুধু সাধারণ মানুষই নয়, হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরাও; এই যখন অবস্থা তখন পোশাক শ্রমিক, চা শ্রমিক খেটে খাওয়া সাধারণ মানুষের চাল কেনার টাকা নাই, মাছ-ভাতের কথা বাদই দিলাম।”

গণসংহতি আন্দোলনের নেতা মনির উদ্দিন পাপ্পু বলেন, আজকে সরকার এমন এক পরিস্থিতি তৈরি করেছে মানুষের জীবনযাত্রা নাজেহাল।

দলটির সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায় বলেন, “পুরো দেশকে এই সরকার আয়নাঘর বানিয়ে ফেলেছে। এই দেশকে আরো অন্ধকারে নিয়ে যাচ্ছে এই সরকার, এই দেশের ভবিষ্যত এভাবে যে কোথায় গিয়ে ঠেকবে আমরা তা জানি না। তাই এ সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা থেকে নামাতে হবে।”