১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বিএনপিকে কাদেরের ৩৬ দিনের আলটিমেটাম

“অস্ত্র নিয়ে এলে ভেঙে দেওয়া হবে, যেমন কুকুর তেমন মুগুর,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 11:35 AM

Updated : 16 Jan 2024, 11:35 AM

বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারকে বিএনপির ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঘোষণার পরের দিন পাল্টা আল্টিমেটাম এল ক্ষমতাসীন দলের পক্ষ থেকে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে ‘সংশোধন হতে’ ৩৬ দিন সময় বেঁধে দিয়েছেন।

সোমবার বিকেলে উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ তিনি এ আল্টিমেটাম দেন।

দেশের সব সংকট ‘শিগগিরই কেটে যাবে’ বলেও দলের নেতা-কর্মীদের আশ্বাস দেন কাদের।

আওয়ামী লীগ নেতা বলেন, “৩৬ দিনের আল্টিমেটামে বিএনপি যদি সংশোধন না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতির কালো হাত ভেঙে দেওয়া হবে।”

বিএনপি আগুন নিয়ে এলে তাদের হাত ‘পুড়িয়ে দেওয়া হবে’ জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, “অস্ত্র নিয়ে এলে ভেঙে দেওয়া হবে, যেমন কুকুর তেমন মুগুর।

“বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয় কোন মুখে? তারা তো ৩৬ মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি।”

বিএনপির কোমর, হাঁটু সব ভেঙে গেছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতা বলেন, “আওয়ামী লীগ জনগণের ওপর ভর করলেও বিএনপি ভর করেছে ভিসা নীতির ওপর। বিএনপি নির্বাচন ছাড়া নাশকতা করে জনগণের অশান্তি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর পাবে না। নির্বাচনে না এলে বিএনপি খেলার আগেই হেরে যাবে।"

বিএনপির নেতাই নিষেধাজ্ঞায় পড়ে লন্ডনে পড়ে আছে জানিয়ে কাদের বলেন, "কারো নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ। বাংলাদেশ স্বাধীন করা হয়েছে কারো নিষেধাজ্ঞাকে ভয় করার জন্য নয়। কারো নিষেধাজ্ঞাকে নয়, আওয়ামী লীগ পরোয়া করে জনগণকে। কারো খবরদারিতে এদেশের গণতন্ত্র চলবে না।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে আবার কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, "দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম। বিএনপির সব আন্দোলন সমাবেশ বৃথা হয়ে গেছে। নির্বাচন সঠিক সময়ে সংবিধান অনুযায়ী হবে, এ দেশের জনগণ শেখ হাসিনা ছাড়া কাউকেই মেনে নেবে না। দেশের সব দৃশ্যমান উন্নয়ন একমাত্র শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়।” 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)