আঘাতের জবাব যাবে পাল্টা আঘাতে: গয়েশ্বর
“যদি কিছুই না করতে পারি সকল কিছুই বৃথা। তাতে কিন্তু কোনো বীরত্ব বাড়বে না, তাতে আমাদের প্রতি কেউ সহানুভূতি জানাবে না,” বলেন গয়েশ্বর।
বিএনপির আন্দোলকে ‘গণতন্ত্রের জন্য যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আঘাতের জবাবে ‘পাল্টা আঘাত হবে’ বলে ক্ষমতাসীনদের তিনি হুঁশিয়ার করেছেন।
গয়েশ্বর বলেছেন, “একাত্তর সালে আমরা যখন যুদ্ধে গেছি, মায়ের কাছে ফিরে আসব ভাবি নাই। অনেকে আসেনি ফিরে।
“সুতরাং আজকের আন্দোলনটাকে মনে করতে হবে ইটস আ ওয়ার ফর এ ডেমোক্রেসি। এটা গণতন্ত্রের যুদ্ধ। এই যুদ্ধে ডু অর ডাই। যেখানে আঘাত, সেখানে পাল্টা আঘাত। এই দৃঢ় সংকল্প নিয়েই আমাকে রাস্তায় থাকতে হবে।”
রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন গয়েশ্বর।
জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন: ইভিএম মেশিন ও আজকের গণতন্ত্র’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
নেতা-কর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, “একাত্তর সালে মায়েরাও কিন্তু সান্ত্বনা পেয়েছে যখন স্বাধীনতাটা পেয়েছেন সন্তান হারানোর মধ্য দিয়ে। গণতন্ত্রের জন্য সোনার হরিণটা আমরা যদি জনগণের হাতে মুঠোয় এনে দিতে পারি… সবই সার্থক হবে।
“আর যদি কিছুই না করতে পারি, সকল কিছুই বৃথা। তাতে কিন্তু কোনো বীরত্ব বাড়বে না, তাতে আমাদের প্রতি কেউ সহানুভূতি জানাবে না। আমরা সরাসরি যারা রাজনীতি করি, তারা যতটুক আঘাত প্রাপ্ত, যতটুক ব্যথা পাই, তার চেয়ে বেশি কষ্টে আছে দেশের জনগণ।“
নিত্যপণ্যের চড়া বাজারের জন্য সরকারকে দায়ী করে গয়েশ্বর বলেন, “এই যে লাগামহীন ঘোড়ার মতো ঊর্ধ্বর্মুখী জিনিসপদেত্রর দাম- এটা কমার কোনো কারণ নেই, কমার কোনো সুযোগ নাই, প্রতিদিন বাড়বে। কারণ বাড়ার জন্য যেগুলো দরকার, সেসব সরকার করছে।”
শনিবার যশোরের চৌগাছায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের প্রসঙ্গ ধরে দলের স্থায়ী কমিটির এই নেতা বলেন, “এখন মাইর খায় না, পাল্টা দেয়। এটা একটা ইতিবাচক দিক। গত পরশু যশোরের চৌগাছায় নেতা-কর্মীরা এমন ধাওয়ানি দিছে যে, আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এটা এখন সর্বত্র করতে হবে।”
গয়েশ্বরের ভাষায়, বর্তমান সরকারের অধীনে এবং নির্বাচন কমিশনের পরিচালনায় বিএনপি কোনো নির্বাচনে না; এ বিষয়ে তার দল ‘প্রতিশ্রুতিবদ্ধ ও অঙ্গীকারাবদ্ধ’।
নির্বাচন নিয়ে এখন আর আলোচনার ‘সময় নাই’ মন্তব্য করে তিনি বলেন, “আজকের প্রেক্ষাপটে সরকারের পতন, তার প্রস্তুতি এবং কী কী ধরনের কর্মসূচি অবলম্বন করলে সরকারের পতন নিশ্চিত করা যায়, সেই আলোচনাই আমাদের এখন করতে হবে। অর্থাৎ আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে।”
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত না করে বিএনপি নির্বাচনে যাবে না বলেও মন্তব্য করেন গয়েশ্বর।
তিনি বলেন, “খালেদা জিয়া এখনো মুক্ত হননি। ২০১৮ সালের নির্বাচনে আমরা গেছি। ওই যে পুরানা কথাটা… নেতা-কর্মী-সাধারণ মানুষের মধ্যে সংশয় থাকে যে, এখন তো বলছে নির্বাচনে যাবে না, পরে যদি আবার যায়। এই সংশয়টা কিন্তু কাটিয়ে ওঠার দায়িত্ব আমাদেরই। ... আমাদেরকে জনগণের আস্থাটা ফিরিয়ে আনতে হবে।“
দলের ভেতরেও সজাগ থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, “এক শ্রেণি বিশ্বাস করছে যে, নির্বাচনে কীভাবে যায়? আরেক শ্রেণি বিশ্বাস করছে যে, নির্বাচন যাবে। এটা সরকারের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন কথা-বার্তা, যেটা পর্দার অন্তরালে…।
“কারণ আমরা এখানে যারা বসে আছি, তাদের মধ্যে কে সংস্থার লোকের সাথে কথা বলে আমরা কেউ কারোটা জানি না এবং আমাদের রাতের অন্ধকারে যে কার সাথে যোগাযোগ করতেছে, কারে কী টোপ দিতেছে, গ্যারেন্টি দিতেছে, কারে কী টাকা দিতেছে তা তো আমাদের জানা নাই। এসব কথা প্রমাণ করার সুযোগ নাই। কিন্তু আকাশে বাতাসে কিন্তু এই কথাগুলো ভাসতেছে।“
জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, তাঁতীর দলের মনিরুজ্জামান মুনির বক্তব্য দেন।
