ইসির ‘আলোচনার আমন্ত্রণ’ বিদেশিদের দেখানোর জন্য: মান্না
“ওহ! বিএনপিকে যে কত ভালোবাসে… বলে ‘একবার না খাইলে বার বার সাধিব।”
বিএনপি ও সমমনাদের সংলাপে আনতে নির্বাচন কমিশনের চেষ্টাকে ‘চেষ্টা’ হিসেবে দেখতে রাজি নন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার ভাষায়, এটা ‘ফোর-টোয়েন্টি ফোর-টোয়েন্টি খেলা’।
নির্বাচন কমিশনকে তিনি সরকারের ‘চামচা’ আখ্যায়িত করেছেন। বলেছেন, সরকারই নির্বাচন কমিশনকে ‘নামিয়েছে’, যাতে ‘বিদেশিদের দেখানো যায়’ যে বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা ইসি করেছে।
সোমবার গণতন্ত্র মঞ্চের এক বিক্ষোভ সমাবেশে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সমালোচনা করে মান্না বলেন, “চামচা নামিয়েছে একটা নির্বাচন কমিশনকে। ওহ! বিএনপিকে যে কত ভালোবাসে… বলে ‘একবার না খাইলে বার বার সাধিব... তোমার প্রতি আমার যে প্রেম তা শেষ হবে না। এই বার ডেকেছি আসোনি... ডাকতেই থাকব। কোনো দিন কি সাড়া দেবে?’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বিএনপির সাথে যারা আন্দোলনের সঙ্গী, তাদেরও নাকি ডাকতে চায় ইসি, অথচ নামই জানে না।
“সিপিবির কাছে চিঠি দিয়েছে, দলের নাম লিখেছে আরেকটা। প্রেসিডেন্ট লিখেছে একজনের নাম… তারপরে যাদের যাদের কাছে চিঠি লিখেছে, তাদের রিঅ্যাকশন আপনারা দেখেছেন। তারাও বলেছেন যে, আমরা এই ধরনের ফালতু আলাপ করতে রাজি নই।”
বিএনপি ও তার মিত্র দলের নেতাদের নিয়ে আলোচনায় বসার জন্য গত ২৩ মার্চ অনানুষ্ঠানিক চিঠি দেয় ইসি। এক সপ্তাহ ধরে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো সাড়া না পাওয়ার পর সংলাপ বর্জন করা আরও ৮ দলকে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার আলাদা আলাদা চিঠি দেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে (সিপিবি) দেওয়া চিঠির শুরুতে দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকে সম্বোধন করা হয়। কিন্তু চিঠির মাঝখানের বক্তব্যে দেখা যায়, অনানুষ্ঠানিক আলোচনায় ডাকা হয়েছে বাংলাদেশ মুসলীম লীগকে (বিএমএল)।
আবার বিএমএলকে দেওয়া চিঠিতে দলটির সভাপতি শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর পদ লেখা হয় ভারপ্রাপ্ত মহাসচিব। পাশাপাশি দলের কার্যালয়ের ঠিকানাও ভুল ছিল।
পরে সেসব সংশোধন করে আট দলকেই নতুন করে চিঠি পাঠানো হয় ইসির তরফ থেকে।
মান্না বলেন, “কেন নামাল ইসিকে? ওরা তো জানে যে বিরোধী দল আগেই প্রত্যাখান করেছে। এবারো তারা এটা গ্রহণ করবে না। তবু করেছে কারণ বিশ্ববাসীকে, বড় বড় রাষ্ট্রকে, বড় বড় দেশের নেতাদেরকে দেখাতে চায়- ‘দেখো আমরা তো চেষ্টা করছি যাতে সবাইকে নিয়ে নির্বাচন করতে পারি’।
“কিন্তু এটার নাম চেষ্টা না। এটার নাম ফোর-টোয়েন্টি ফোর-টোয়েন্টি খেলা। কী আলোচনা করবেন? আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এই সরকার জনগণকে ভোট দিতে দেয় না। আগের রাতেই ভোটের বাক্স ভরে রাখে, সমস্ত রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করে, এখনো পর্যন্ত গ্রেপ্তার চালু আছে…। অতএব উনি যতদিন আছেন, তার অধীনে আমরা ভোটে যাব না।”
ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গ
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সামুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা, র্যাবের হেফাজতে নাসরিন জেসমিনের মৃত্যু এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথার সূত্র ধরে মান্না বলেন, “যে অপরাধ করেছে, সেই অপরাধ বিশ্বের উন্নত দেশে হলে এতোদিনে নাকি সেই পত্রিকা বাতিল হয়ে যেত। তো করেন না, বাতিল করেন প্রথম আলোকে? আপনারাদের তো নিউজ পেপার বাতিল করার অভ্যাস আছে।
“আপনারা শাসমুজ্জামান শামস, একজন দরিদ্র রিপোর্টার, সাভার থেকে তাকে গ্রেপ্তার করেছেন। মতিউর রহমানকে (প্রথম আলো সম্পাদক) গ্রেপ্তার করতে তো পারলেন না, তাকে গ্রেপ্তার করতে পারবেন না এবং শামসুজ্জামান শামসকেও ছেড়ে দিতে হবে। মনে রাখবেন যে ক্ষমতায় জোর করে বসে আছেন ওই ক্ষমতা ছেড়ে দিয়ে কানতে কানতে বাড়ি চলে যেতে হবে।”
আন্দোলন ‘আরো তীব্র হবে’
মাহমুদুর রহমান মান্না বলেন, “রোজার মাস বলে আন্দোলন তীব্র করতে পারছি না। আমি আপনাদের বলতে চাই, রোজা যাবে, ঈদ যাবে, মানুষ ঢাকায় ফিরবে। আবারো রাজপথে মিছিল শুরু হবে। সেরকম মিছিল যে মিছিলে সরকারের বুকে কাঁপন ধরে যাবে। এমন আন্দোলন হবে, সেই আন্দোলনের মুখে শুধু দেশ নয়, বিশ্বের বিবেক জেগে উঠবে, সবাই তোমাকে চলে যেতে বলছে, তোমার চলে যেতে হবে।”
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “সরকার প্রচণ্ডভাবে নার্ভাস, সরকার খুবই টেনশনে। এক সাপ্তাহ গেলে আরেক সাপ্তাহ কীভাবে যাবে সরকারের উদ্বেগ।
“রোজার মাসের পরে বাংলাদেশে কী হবে সরকার গভীর উৎকণ্ঠার মধ্যে। লক্ষণটা কী? দৈনিক প্রথম আলো… একটা জনপ্রিয় দৈনিকের একটা নিউজের বিরুদ্ধে সরকার রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে, সেই সাংবাদিকদের গ্রেপ্তার করেছে। সত্য বললে বাংলাদেশের গণমাধ্যমের টুটি তারা চেপে ধরছে।”
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর জোনায়েদ সাকি বলেন, “স্বাধীনতার মানে হচ্ছে মাছ-মাংস আর চাইলের স্বাধীনতা। এই যে মাছ-মাংস-চাইলের স্বাধীনতা, নিজের পেটের খাবার যোগানোর স্বাধীনতা, এটা তারা (জনগণ) অর্জন করতে চায়। এটা দিতে পারে না বলে এবং না দিয়ে মাথাপিছু আয় নাকি ২৮ শ ডলার। আপনার ১০ লাখ টাকা আর আমার এক হাজার টাকা এই দুইটা যোগ দিলে ভাগ করে যা হয়। একেক জনের আয় হয় ৫ লাখ ১০ হাজার টাকা।
“এই মাথাপিছু আয়ের সাথে আমাদের দেশের সাধারণ মানুষের বাস্তব জীবনের সম্পর্ক নাই। কাজেই মিথ্যা কথা বলে, উন্নয়নের ফুলঝুড়ি দেখিয়ে কোনো লাভ হবে না। ভয় দেখিয়ে দমনপীড়ন করছে। ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে আইনিভাবে দমনপীড়নের একটা অস্ত্র। এই অস্ত্র দিয়ে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চায় সরকার।”
মান্নার সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক সাকী আনোয়ারের সঞ্চালনায় এই বিক্ষোভ সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, মোশাররফ হোসেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, গণঅধিকার পরিষদের রাশেদ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধনা মহল বক্তব্য দেন।
