২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভয়ভীতিতে’ দমবে না আন্দোলন: গণতন্ত্র মঞ্চ

“মিছিলে মিছিলে আন্দোলনে আন্দোলনে স্লোগানে স্লোগানে তোমাদের পতনে বাধ্য করব,” বলেন জোটের নেতা মাহমুদুর রহমান মান্না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 12:36 AM

Updated : 19 Aug 2023, 12:36 AM

‘ভয়ভীতি’ দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে গণমিছিলের আগে সমাবেশে এ জোটের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আবদুর রব এ হুঁশিয়ারি দেন।

তার অভিযোগ, ‘‘সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা নীতি নৈতিকতা, কূটনৈতিক শিষ্ঠাচার ভুলে গেছেন। তাদের এরকম কর্মের জন্য আগামী এক মাসের মধ্যে আপনাদের পতন ঘটবে।

‘‘গণঅভ্যুথান শুরু হয়ে গেছে। আমি বলে দিতে চাই, ভয়ভীতি দেখিয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। এই সরকারের মরা লাশ দাফন করতে হবে। দরকার হলে আমরা জীবন দিয়ে দেব।’’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার দাবি, ‘‘পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারকে অনুরোধ করেছে আরেকবার যেন সরকারকে ক্ষমতায় রাখেন। কিন্তু ভারত বলে দিয়েছে আমরা এইবার বাংলাদেশের নির্বাচনে কোনো হস্তক্ষেপ করব না। এর আগে তিন বামপন্থী নেতা চীনে গিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় বসানোর অনুরোধ জানিয়েছে।

 ‘‘দুনিয়ার কাছে ভিক্ষা করে বেড়াও তোমরা, আর আমাদের কথা বলো। আমরা তো রাজপথে আছি। সারা ঢাকায় মিছিল করবো। মিছিলে মিছিলে আন্দোলনে আন্দোলনে স্লোগানে স্লোগানে তোমাদের পতনে বাধ্য করব। তোমাদের ক্ষমতা ছাড়তে হবে।”

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “গায়ের জোরে ক্ষমতায় থাকা যাবে না। আমরা ভোটের অধিকার চাই, বিশ্বাসযোগ্য নির্বাচন চাই।“

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বক্তব্য রাখেন।

পরে প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিলটি কাকরাইলের মোড়ে গিয়ে শেষ হয়।