গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেবে মন্টুর গণফোরাম
যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচিতে মাঠে ছিল না দলটি।
‘সরকার পতনের যুগপৎ আন্দোলন’ হিসেবে আগামী ১১ জানুয়ারি যে ‘গণঅবস্থান’ কর্মসূচি বিএনপি ও সমমনা দলগুলো পালন করবে, তাতে শামিল হওয়ার ঘোষণা দিয়েছে মোস্তফা মহসিন মন্টু নেতৃত্বাধীন গণফোরাম।
তিনি বলেছেন, “১১ জানুয়ারি যে অবস্থান কর্মসূচি আছে- সেটা আমরা স্থান ঠিক করে আপনাদের (সংবাদমাধ্যম) জানিয়ে দেব। আজকে থেকেই আমরা এই চলমান আন্দোলনে শরিক হলাম। আগামীদিনে সমস্ত জাতিকে, দলমত নির্বিশেষ সকলকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান আমরা জানাচ্ছি।”
সোমবার বিকালে যুগপৎ আন্দোলন সমন্বয়ে গঠিত বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর মন্টু এ কথা জানান।
ঢাকার গোলাপবাগে বিভাগীয় সমাবেশ থেকে গত ১০ ডিসেম্বর ঘোষিত ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে ২৪ ডিসেম্বর দেশজুড়ে গণমিছিল করে বিএনপি ও ৩০ সমমনা দল। সেদিন আওয়ামী লীগের সম্মেলনের কারণে ঢাকায় সেই কর্মসূচি পালন করা হয় ৩০ ডিসেম্বর।
তবে সেই কর্মসূচিতে গণফোরামকে অংশ নিতে দেখা যায়নি। এর কারণ জানতে চাইলে দলটির সভাপতি মন্টু বলেন, “আমাদের কয়েকজন নেতা অসুস্থ ছিলেন। হঠাৎ সিদ্ধান্ত হওয়ায় আমরা তখন সিদ্ধান্ত নিইনি। ওইটা কোনো বিষয় না, আমরা সমস্যাটা সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছি যে, এই কর্মসূচিতে আমাদের পূর্ণ সমর্থন আছে।
“কারণ আপনারা জেনে থাকবেন যে, আমরা কেন্দ্রীয় কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়া হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে পারি না। যেজন্য আমাদের একটু দেরি হয়েছে।”
বিএনপি, এলডিপি, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট ঢাকায় আলাদাভাবে ‘গণমিছিল’ করে ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
এই কর্মসূচিতে এবার মন্টুর গণফোরামকে পাওয়া যাবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “উনারা যুগৎভাবে আন্দোলনের কর্মসূচিতে থাকবেন। আরও যারা দল আছে- এই সরকারের পরিবর্তন চায় এবং জনগণের কাছে আহ্বান জানাচ্ছি যে, ঐক্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।
“আপনারা রাস্তায় আসুন। এই সরকারকে পরিবর্তন করে একটা নির্দলীয় সরকার এনে একটা সুষ্ঠু নির্বাচন করি।”
বিএনপির নেতৃবৃন্দ আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকে বসেন। সেখানে যুগপৎ আন্দোলন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
গণফোরামের সভাপতি মন্টুর নেতৃত্বে বৈঠকে দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আবু সাইয়িদ, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, আবদুল হাসিব চৌধুরী, আইয়ুব ছিলেন।
যুগপৎ আন্দোলনকে সরকার পতনের আন্দোলন বলে মনে করেন কি না, এ প্রশ্নের উত্তরে গণফোরাম সভাপতি বলেন, “অবশ্যই। যে আন্দোলনটা হচ্ছে, আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এবং এই নির্বাচনটা পরিচালনা করার জন্য একটা নির্দলীয় সরকারের প্রয়োজন আছে।
“আমরা দেখেছি যে, মাগুরার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ আন্দোলন করেছে এবং তাদের যুবলীগের এক নেতা সেদিন শহীদ হয়েছে। তারা কিন্তু সেদিন আন্দোলন করে তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেছে।”
নব্বই দশকের সেই রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করে মন্টু বলেন, “তারা (আওয়ামী লীগ) নিজেরা সংসদ থেকে বেরিয়ে এসেছেন। খালেদা জিয়াকে এবং বিএনপি সরকারকে বাধ্য করেছে একটা অন্য নির্বাচন করে সেটাকে সংশোধন করে পাস করানোর জন্য। তাদের নিজেদের যদি স্বার্থে এগুলো করতে পারেন, তাহলে জনগণের স্বার্থে কেন করতে পারবেন না?
“তারাও তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে এসেছেন এবং সুপ্রিম কোর্টের যে রায় হয়েছিল, সেখানে তো বলা হয়েছিলো- আরও দুইবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। তাহলে বাধাটা কোথায়, সেটা আমরা বুঝতে পারছি না।”
