আওয়ামী লীগের ‘বুকে কষ্ট, মুখে সন্তুষ্টি’: গণতন্ত্র মঞ্চ
“খুবই মন খারাপ। অথচ তাদের মুখে হাসি হাসি ভাব করে বলতে হচ্ছে, এই ভিসা নীতি নাকি বিরোধী দলের জন্য করা হয়েছে”, বলেন গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে ‘বিএনপি বেকায়দায়’ আছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বক্তব্য আসছে, তা নিয়ে কটাক্ষ করা হয়েছে সরকারবিরোধী কয়েকটি রাজনৈতিক দলের মোর্চা গণতন্ত্র মঞ্চের সমাবেশে।
এই জোটের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এই ভিসা নীতির কারণে আওয়ামী লীগের ‘বুকে কষ্ট’ লাগলেও তারা মুখে ‘সন্তুষ্টির হাসি’ ধরে রেখেছে।
জোটের শরিক দল গণসংগতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেছেন, “এই ধরনের কথা কেবল আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।”
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১৪ দফা দাবিতে রোববার দুপুরে ঢাকায় পদযাত্রার আগে মালিবাগ রেল গেইটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এ সময় এসব কথা বলা হয়।
সমাবেশের পর পদযাত্রাটি মালিবাগ রেলগেইট থেকে বাড্ডা অভিমুখে যাত্রা করে। গত ২৩ মে একই দাবিতে ঢাকা মহানগর দক্ষিণেও পদযাত্রা কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চ।
সমাবেশ থেকে দাবি আদায়ে দিনাজপুর অভিমুখে রোড মার্চের কর্মসূচিও ঘোষণা করা হয়। আগামী ৪ জুন ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হবে এই কর্মসূচি, শেষ হবে থেকে ৭ জুন।
সমাবেশে নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে সরকার ‘ভোট ডাকাতির’ পাঁয়তারা করছিল বুঝতে পেরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।
গত ২৫ মে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে, ভোটারদের ভয় দেখালে দায়ী ব্যক্তি ও তার পরিবার সে দেশের ভিসা পাবে না।
এই নীতি ঘোষণার পর একে স্বাগত জানায় বিএনপির পাশাপাশি আওয়ামী লীগও। সরকারি দলের দাবি, এই নীতির কারণে বিপাকে পড়বে বিএনপিই। কারণ, তারা ভোটে না এলে ‘জ্বালাও-পোড়াও’ করতে পারবে না, ‘বাধা দিতে পারবে না’ ভোটারদের। দিলে তারা আমেরিকার ভিসা পাবে না।
বিএনপি বলেছে, তারা মনে করে এই ভিসা নীতি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়ক হবে। তবে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছাড়ছে না।
গণতন্ত্র মঞ্চের সমাবেশে সাইফুল হক বলেন, “(আওয়ামী লীগের) খুবই মন খারাপ। অথচ তাদের মুখে হাসি হাসি ভাব করে বলতে হচ্ছে, এই ভিসা নীতি নাকি বিরোধী দলের জন্য করা হয়েছে। এইসব বলে বাংলাদেশের জনগণকে বোকা বানানো যাবে না।”
কেন এই ভিসা নীতি, তা ব্যাখ্যা করে বিরোধী জোটের নেতা বলেন, “এই সরকার যে আরেকটা ভোট ডাকাতির নির্বাচনের পাঁয়তারা করছে, সাত মাস আগেই এটা বুঝতে পেরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এ থেকে বোঝা যায় এই সরকারকে দুনিয়ার কেউ বিশ্বাস করছে না।
“ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে বলেছে, বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে যদি নয়-ছয় করা হয় সেখানে জিএসপি সুবিধা বন্ধসহ আরও অনেক ব্যবস্থা তারা গ্রহণ করতে যাচ্ছে।”
‘একমাত্র আওয়ামী লীগের নেতাদের পক্ষেই সম্ভব”
আওয়ামী লীগের পক্ষ থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি বলেন, “তারা কতটা বাংলাদেশের মানুষকে বোকা ভাবেন! খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পর্যায়ের নেতা একজন নেতা বলেছেন যে, যুক্তরাষ্ট্রের এই যে ভিসা নীতি, এটাতে নাকি বিএনপি বেকাদায় আছেন!
“আচ্ছা বলেন তো…. দেশে ভোট চুরি করে সরকার, দেশে সভা-সমাবেশ করতে দেয় না সরকার, দেশে মানবাধিকার লঙ্ঘন করে সরকার, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে এসব অপকর্ম করায় সরকার। আজকে তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) নামে বদনাম হচ্ছে দুনিয়ায়, তাদের ওপর স্যাংশন আরোপ হচ্ছে….আর ভিসা নীতি নাকি বিরোধী দলের জন্য! এটা বলা একমাত্র আওয়ামী লীগের নেতাদের পক্ষেই সম্ভব।”
তিনি বলেন, “দেশের মানুষ জানে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরিণতি কী দাঁড়াবে। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে ভেসে যাবে। কাজেই বিরোধী দলের সুষ্ঠু নির্বাচনে বাধা দেওয়া, বানচাল করার, ক্ষতিগ্রস্ত করার কোনো প্রয়োজন নেই।”
‘দেশের মানসম্মান শেষ’
নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, “দুনিয়ার বুকে বাংলাদেশের মান-সন্মান এই সরকার শেষ করে দিয়েছে। আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি।
“বহু বছর ধরে বলেছি, এভাবে ভোট চুরি করে, জালিয়াতি করে, শঠতা করে, মানুষের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় থেকে ডান্ডা দিয়ে, অত্যাচার-গুম-খুন করে ক্ষমতায় থাকা দীর্ঘদিন সম্ভব নয়। অতএব দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হবে। এখন সেই সময় আসছে। এখন আপনাকে যেতে হবে।”
‘জনগণ সবই বোঝে’
সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহসভাপতি তানিয়া রব বলেন, “আমেরিকা বিধি নিষেধ দেবে, এটাতে বাহবা দেওয়ার কিছু নেই, আপনার-আমার হাসাহাসিরও কিছু নেই…এটা অত্যন্ত দুঃখের।”
“কিন্তু কেন হল? কেন এই জায়গায় আমাদেরকে নামানো হল? কারা এটার দায়ী?”- এই প্রশ্ন রেখে তিনি বলেন, “১৫ বছর ক্ষমতায় থেকে জনগণকে ন্যূনতম অধিকারটুকু দেয়নি, ভোটাধিকার কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে করেছে, নিজেরা নিজেরা ভোট করে সেটাকে সুষ্ঠু ভোট বলা হচ্ছে।
“গাজীপুরে যে ভোটটা হয়েছে সেটা কী হয়েছে? আবার তারাই বলে ‘আমরা আমরাই তো’। আবার একটা অনুসন্ধান কমিটি হয়েছে গাজীপুরে নৌকা কেন ফেল করল, সেটা বের করার জন্য। জনগণ সবটাই বোঝে।”
নতুন কর্মসূচি রোড মার্চ
আগামী ৪ থেকে ৭ জুন পর্যন্ত ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা করে সাইফুল হক জানান, জাতীয় প্রেস ক্লা্বের সামনে থেকে এই রোড মার্চ শুরু হবে।
ধারাবাহিকভাবে কর্মসূচির মাধ্যমে ঈদের আগেই আন্দোলনটাকে নতুন পর্যায়ে উন্নীত করার জন্যে আরও নতুন কর্মসূচি ঘোষণা করার কথাও জানান তিনি।
সাইফুল বলেন, “আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। এই সরকারকে পদত্যাগ বাধ্য করে বাংলাদেশকে রক্ষা করব, জনগনকে রক্ষা করব, বাংলাদেশের ভবিষ্যতকে রক্ষা করব।”
মাহমুদুর রহমান মান্না বলেন, “আমরা আন্দোলন থামাচ্ছি না। যতদিন পর্যন্ত সরকারের পতন না হবে, যতদিন পর্যন্ত আমাদের যে দাবি … এই নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান পরিবর্তন করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত গতিতে চলবে।”
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমও সমাবেশে বক্তব্য রাখেন।
একই দিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সরকার পদত্যাগের ১০ দফা দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্য সমাবেশ এবং বাংলাদেশের লেবার পার্টি পদযাত্রা করে।
