২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের প্রথম দিন ঢাকায় যানবাহন চলছে অন্য দিনের মতই

রাজনৈতিক অস্থিরতার মধ্যে উদ্বেগ থাকলেও রুটি-রুজির তাগিদে মানুষকে ঠিকই রাস্তায় বের হতে হয়েছে।

অবরোধের প্রথম দিন ঢাকায় যানবাহন চলছে অন্য দিনের মতই

অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে ঢাকার উত্তরার আজমপুরে সড়কে পুলিশের সতর্ক অবস্থান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 09:08 AM

Updated : 31 Oct 2023, 12:12 PM

বিএনপি ও জামায়াতের ডাকে টানা তিন দিনের অবরোধের প্রথম দিন রাজধানীতে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক।

মঙ্গলবার সকাল থেকে সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধের এই কর্মসূচি শুরু হয়, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। 

সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকার কমলাপুর, খিলগাঁও, রাজারবাগ, মৌচাক, মালিবাগ, রামপুরা, গুলশান, মহাখালী এলাকা ঘুরে অবরোধের প্রভাব দেখা যায়নি খুব একটা।

গত রোববার বিএনপির হরতালে গণপরিবহন তেমন দেখা না গেলেও মঙ্গলবার অবরোধের মধ্যে সব সড়কেই বাস চলছে। সেই সঙ্গে আছে অটোরিকশা ও রিকশা। কিছু ব্যক্তিগত গাড়িও দেখা গেছে।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে উদ্বেগ থাকলেও রুটি-রুজির তাগিদে মানুষকে ঠিকই রাস্তায় বের হতে হয়েছে। বিভিন্ন সড়কের দেখা গেছে অফিসগামীযাত্রীদের ভিড়।

তবে মিরপুর ১০, মিরপুর ২, মিরপুর ১, টেকনিক্যাল, কল্যাণপুর ও শ্যামলী এলাকায় যাত্রী ছিল কম। যেসব বাস রাস্তায় চলছিল, তার অনেক আসনই ছিল ফাঁকা। 

মিরপুর এলাকায় সকাল থেকে রাস্তার মোড়ে অপেক্ষা করা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা যাত্রী পাচ্ছিলেন না। 

টেকনিক্যাল মোড়ে হতাশ চালক সমীর উদ্দিন বলছিলেন, “আজ বের হওয়াটাই ভুল হইছে। অবরোধের কারণে ভালো খ্যাপ পাওয়ার আশায় বের হইছিলাম। আধা ঘন্টায়ও একটা খ্যাপ পেলাম না। আমার আগে আইসা অনেকে বইসা রইছে। মনে লয় বাসায় চইলা যায়।” 

পাশ থেকে আরেক চালককে বলতে শোনা যায়, “আইছেন যখন একটা খ্যাপ মাইরা যান।”

বিভিন্ন সড়কের মোড়ে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে। অবরোধে নাশকতা ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা রাস্তায় নেমেছেন আগের রাতেই।

সকালে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় রাস্তার ওপর আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায় অবরোধকারীদের একটি ছোট দলকে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরকম বিক্ষিপ্ত দুয়েকটি ঘটনা ছাড়া বিএনপিকর্মীদের বড় কোনো তৎপরতা দেখা যায়নি দিনের প্রথম ভাগে।

তবে চট্টগ্রামে অবরোধের সকালে দুটি এবং আগের রাতে একটি বাস পোড়ানো হয়েছে। গাজীপুরেও মহাসড়কে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি যুগপৎভাবে বিভিন্ন দল ও জোটকে নিয়ে আন্দোলন শুরু করে গত ১২ জুলাই।

এরপর থেকে টানা তিন মাসে ঢাকাসহ সারাদেশে রোড মার্চ, পদযাত্রা, গণমিছিল, কালো পতাকা মিছিল, অবস্থান কর্মসূচি, সমাবেশ-বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে।

২৮ অক্টোবর নয়া পল্টনে ছিল বিএনপির মহাসমাবেশ। কিন্তু সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে কাকরাইলে সংঘর্ষ শুরু হয়, পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

তাতে সমাবেশ পণ্ড হয়ে গেলে হরতাল ডাকে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে পোড়ানো হয় যানবাহন, সহিংসতায় প্রাণহানিও ঘটে।

রোববার হরতাল শেষে তিন দিনের এই অবরোধ ডাকে বিএনপি। তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীও সোমবার একই কর্মসূচি দেয়।

তবে অবরোধের মধ্যেও সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চালু রাখার ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিএনপি-জামায়াত সমাবেশ ও হরতাল কর্মসূচির নামে দলীয় সন্ত্রাসীরা ঢাকাসহ সারাদেশে ১৩টি গাড়িতে অগ্নি সংযোগ করে ধ্বংস করেছে এবং শতাধিক গাড়ি ভাংচুর করেছে। এছাড়া ঢাকায় অছিম পরিবহনের গাড়িতে থাকা নাঈম নামে একজন শ্রমিককেও পুড়িয়ে হত্যা করেছে।”

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমিতির পক্ষ থেকে বলা হয়, আন্দোলনের নামে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ‘কোনোভাবেই বরদাস্ত করা যায় না’। এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে জরুরিভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয়।

Image

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় সড়কে আগুন জ্বালালে তা নেভানোর চেষ্টা করে পুলিশ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) খ. মহিদ উদ্দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির অবরোধ কর্মসূচিতে নাশকতার আশঙ্কা মাথায় রেখেই তারা নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, “অবরোধের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি শঙ্কামুক্ত এটি বলার এখন অবকাশ নেই। বর্তমানে যে জিনিসটি আমাদের পরিলক্ষিত হচ্ছে এখন তারা চোরাগুপ্তাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার প্রয়াস নিচ্ছে।”

এ ব্যাপারে সকল পেশাজীবী মানুষের সহযোগিতা চেয়ে হামলাকারী-দুষ্কৃতকারীদের ব্যাপারে স্থানীয় থানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ তথ্য দেওয়ার আহবান জানান এ পুলিশ কর্মকর্তা।