রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে মনোনয়ন পেলেন জি এম কাদের
তার স্ত্রী শেরীফা কাদের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৮ আসনে।
দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবার রংপুর-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন, যেখানে সংসদ সদস্য হিসেবে বর্তমানে আছেন রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ছেলে সাদের জন্য অন্য কোনো আসনেও দল থেকে নাম ঘোষণা করা হয়নি। তবে রওশনের জন্য ময়মনসিংহ-৪ আসন ফাঁকা রাখার কথা জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সেটিসহ মোট ১৩টি আসন ফাঁকা রেখে সোমবার বিকালে চুন্নু ২৮৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
ওই তালিকায় ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনেও জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমানে লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য। তার স্ত্রী শেরীফা কাদের দলের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৮ আসনে।
কাদের ও তার স্ত্রীর পক্ষে ইতোমধ্যে এ দুই আসনে প্রার্থী হওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
জাতীয় পার্টির অন্য জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মহাসচিব মুজিবুল হক চুন্নু লাঙ্গল প্রতীকে লড়বেন কিশোরগঞ্জ-৩ আসনে, কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ আসনে ও সালমা ইসলাম ঢাকা-১ আসনে এবং সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬ আসনে দলের মনোনয়ন পেয়েছেন।
আরও পড়ুন
