২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর জীবন নিয়ে গবেষণা দরকার: রওনক জাহান

“বঙ্গবন্ধুকে পুরোপুরি মূল্যায়ন করতে চাইলে কিংবা বায়োগ্রাফি লিখতে চাইলে তার পুরো জীবন মূল্যায়ন করতে হবে।”

স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর জীবন নিয়ে গবেষণা দরকার: রওনক জাহান

অধ্যাপক রওনক জাহান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2022, 12:42 AM

Updated : 26 Nov 2022, 12:42 AM

দেশের স্বাধীনের আগ পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে যেভাবে গবেষণা হয়েছে, স্বাধীনতার পরে তেমন কোনো গবেষণা হয়নি বলে মনে করেন অধ্যাপক রওনক জাহান। 

তিনি বলেছেন, “গত দুই বছর মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক লেখা ও আলোচনা হয়েছে, কিন্তু বেশির ভাগ লেখা বা আলোচনা হয়েছে ১৯৭১ সালের স্বাধীনতা পর্যন্ত তার জীবন নিয়ে, বাহাত্তরের পরবর্তী সময় তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন, সেই সময়টা নিয়ে ততটা আলোচনা হয়নি।”

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির আয়োজনে ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’ শীর্ষক ধারাবাহিক বক্তৃতা কার্যক্রমের ষোড়শ অনুষ্ঠানে তিনি এ অভিমত জানান।

ড. রওনক জাহান বলেন, “যদি আমরা বঙ্গবন্ধুকে পুরোপুরি ভালো মূল্যায়ন করতে চাই কিংবা তার বায়োগ্রাফি লিখতে চাই, তাহলে তার পুরো জীবনটা নিয়ে আলোচনা করতে হবে এবং তাকে সেভাবে মূল্যায়ন করতে হবে।” 

শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট এমফিল ও পিএইচডি ডিগ্রি চালু করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “এখানে যারা গবেষণা করবেন, এমফিলে যারা থিসিস করবেন, যারা পিএইচডি থিসিস করবেন- তাদেরকে বাংলাদেশের ফাউন্ডেশনাল ইয়ার্স ৭২-৭৫ সময়টাকে গুরুত্ব নিয়ে গবেষণা করতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা নিয়ে তেমন রিসার্চ হয়নি। 

“ডেটা দেখলে দেখা যায়, বঙ্গবন্ধুর তিন বছরের শাসনামলে অনেক উন্নতি হয়েছিল। যে অবস্থায় আমরা স্বাধীন হয়েছিলাম, আমাদের তখন কিছুই ছিল না তখন। সেখান থেকে তিনি একটা দেশকে স্থিতিশীল করেছিলেন।”

বঙ্গবন্ধু বক্তৃতামালায় ‘বঙ্গবন্ধু এবং দ্বিতীয় বিপ্লব’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম (এম এম আকাশ)। 

তিনি বলেন, “এ কথা সত্য, বঙ্গবন্ধুর মৃত্যুর পর তেমন কোনো তীব্র প্রতিবাদ জনগণের মধ্য থেকে সৃষ্টি হয়নি। তবে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের স্বপ্ন বেঁচে আছে এবং যদিও সেই কর্মসূচির পক্ষে বিকল্প রাজনৈতিক শক্তি আজও গড়ে ওঠেনি।” 

বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. ফকরুল আলম সভাপতিত্বে প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. বিনায়ক সেন।