বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে গণতান্ত্রিক বাম ঐক্য
বিএনপির যুগপৎ আন্দোলনে গণফোরাম, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও এলডিপি রয়েছে।
সরকার হটানোর যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।
মঙ্গলবার দুপুরে ‘যুগপৎ আন্দোলন সমন্বয়ে’ গঠিত বিএনপির লিয়াজোঁ কমিটির নেতাদের সঙ্গে বৈঠকের পর গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী-লেলিনবাদী) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী জোটের পক্ষ থেকে এ ঘোষণা দেন।
মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম রাজপথে থাকার কথা ঘোষণার একদিন পর এই বাম জোটের ঘোষণা এল।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির যুগপৎ আন্দোলনে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও ১১ দলের জাতীয়তাবাদী সমমনা জোট রয়েছে। আছে অলি আহমেদ নেতৃত্বাধীন এলডিপিও।
হারুন চৌধুরী সাংবাদিকদের বলেন, “রাজপথে যুগপৎ আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়ে আজকে আমরা তৃতীয়বার বিএনপির সঙ্গে বৈঠক করেছি। এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। অত্যন্ত সচেতন চিত্তে বাংলাদেশকে ফ্যাসিবাদী শাসন থেকে রক্ষা করার জন্য বিএনপির সঙ্গে আমাদের এই আলোচনা।
“আগামী দিনে রাজপথে যত কঠিনই হোক চলার পথ, আমরা সেখানে পিছপা হব না। আমরা রাষ্ট্র রূপান্তরের ২৭ দফা এবং আগামী দিনে ১১ ডিসেম্বর যে অবস্থান কর্মসূচি হবে, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।”
বিএনপির রাষ্ট্র মেরামতের ২৭ দফা সম্পর্কে তিনি বলেন, “তাদের ২৭ দফা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আমাদের একটা বিশ্বাস হয়েছে যে, তারা (বিএনপি) রাষ্ট্র মেরামতের জন্য যে ২৭ দফা দিয়েছেন, সেটায় কৃষক-শ্রমিক-মজুর-ছাত্র-নারী-পুরুষ প্রত্যেকের জন্য কথাগুলো আছে।
“সেই কথা আমরা বিশ্বাস করেছি, আগামী দিনে ক্ষমতায় আসতে পারলে উনারা এই মেরামতগুলো করবেন। রাষ্ট্রের এই মেরামতগুলো হয়ে যায় তাহলে অন্তুত বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে সারা পৃথিবীর কাছে, সারা পৃথিবীর রাষ্ট্রদূতদের কাছে আমরা যেভাবে অপমানিত অবস্থায় আছি, আামি মনে করি, সেটা থাকবে না। তাই বাংলাদেশের স্বার্থে আমরা আগামী দিন বিএনপির যেকোনো আন্দোলন-সংগ্রামের সঙ্গে আমরা থাকব।”
কতগুলো দল এই যুগপৎ আন্দোলনে যুক্ত হয়েছে- জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, “গতকাল আমরা গণফোরামের সঙ্গে আলোচনা করেছি। তারা যুক্ত হয়েছে। গণতন্ত্র মঞ্চ, সেখানে রয়েছে ৭টি দল। জাতীয়তাবাদী সমমনা জোট সেখানে রয়েছে ১১টি দল এবং ১২ দলীয় জোট রয়েছে। তারপরে আছে এলডিপি। এই তো..।”
মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণতান্ত্রিক বাম ঐক্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে যুগপৎ আন্দোলন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত গণতান্ত্রিক বাম ঐক্যের অন্য প্রতিনিধিরা হলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের হারুন আল রশিদ। ২০১৭ সালে গণতান্ত্রিক বাম ঐক্য গঠিত হয়।
