‘বাংলাদেশি’ পরিচয়ে জাতীয় ঐক্য তৈরি হয়েছে: সংস্কৃতিমন্ত্রী
“এই জাতীয় ঐক্য ভাঙার জন্য নানা ষড়যন্ত্র হয়েছে,” বলেন তিনি।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজদের ‘বাংলাদেশি’ পরিচয় দিয়ে জাতীয় তৈরি করেছেন, যা ভাঙার জন্য ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেছেন, “অনেকে আমরা বাঙালি বলে বাংলাদেশি এ জাতীয়তাবাদকে কটাক্ষ করি। অর্থাৎ যাদের বুদ্ধি বিবেচনা কম থাকে, তারা এটাকে সমালোচনা করতে পারে জিয়াউর রহমান বাংলাদেশি কেন বলেছেন।
“কিন্তু একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে। আমরা এই জাতীয় ঐক্য ভাঙার জন্য নানা ষড়যন্ত্র হয়েছে। পাহাড়ে এবং সমতলে আমরা এই ঐক্য সৃষ্টি করে জাতির শক্তিটাকে আমরা তুলে ধরেছি, কারণ এই যে প্রত্যেক জাতি বা জাতিসত্তা সমগ্র জাতিকে এক করেছে।”
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় জাদুঘরে ‘সাংস্কৃতিক সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের দায়িত্ব’ শিরোনামের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের দেশে পঞ্চাশের অধিক নৃতাত্ত্বিক জাতিসত্তা আছে। আমি তাদের ক্ষুদ্র বলতে চাই না। আমরা জানি, তাদের সংস্কৃতি আলাদা। ভাষা, পোশাক সবই আলাদা। তবে আমরা একটা সামগ্রিক ঐক্য চাই।”
আওয়ামী লীগ সরকারের সময়ের শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, “গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা জানেন। শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়ে দিতেন, পাশের হার ৯৮ শতাংশ হতে হবে। সেখানে শিক্ষার্থীরা কী শিখবে?
“সেজন্য আমরা শিক্ষা মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় একসাথে কাজ করা শুরু করেছি। আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে, সারাদেশে সাংস্কৃতিক আলোচনা সভা করছি।”
অনুষ্ঠানে আ ন ম এহছানুল হক মিলনও বক্তব্য দেন।
