২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার অভিযোগপত্র আদালতে, মির্জা আব্বাস দম্পতির জামিন

অবৈধ সম্পদ অর্জনের এই মামলায় দুদকের অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 07:22 PM

Updated : 26 Apr 2023, 07:22 PM

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। পাশাপাশি মামলাটি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে বদলি করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আসাদুজ্জামান এ আদেশ দেন। এ মামলায় মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ২৭ ডিসেম্বর মির্জা আব্বাস, আফরোজা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

অভিযোগপত্রে বলা হয়, আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮২৮ টাকার যে সম্পদ দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে এ সম্পদ তিনি স্বামী মির্জা আব্বাসের সহায়তায় অর্জন করেছেন। আফরোজা আব্বাস একজন গৃহিণী, সে হিসাবে ওই সম্পদ অবৈধ উৎসের আয় থেকে অর্জিত বলে প্রমাণ পেয়েছে দুদক।

মির্জা আব্বাস ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন। তিনি মেয়র ও মন্ত্রী হওয়ার সুবাদে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে অর্জিত ওই অর্থ স্ত্রী আফরোজা আব্বাসের নামে রাখেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

২০১৯ সালের ৭ জুলাই দুদকের সাবেক সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন রাজধানীর শাহজাহানপুর (ডিএমপি) থানায় আফরোজা আব্বাসের বিরুদ্ধে মামলাটি করেন। দুদকের দাবি, তদন্তে অবৈধ সম্পদ হস্তান্তর, রূপান্তর ও অবস্থান গোপন করার কৌশল অবলম্বন করার অপরাধ প্রমাণিত হয়েছে।

মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আফরোজা আব্বাস বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। 

আরও খবর-

অবৈধ সম্পদ: মির্জা আব্বাস দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ