২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরে আলমের জন্য প্রতিবাদ সমাবেশে ছাত্রদল

বেশ কয়েক বছর পর নয়া পল্টনে সমাবেশ করার অনুমতি পেল ছাত্রদল।

নুরে আলমের জন্য প্রতিবাদ সমাবেশে ছাত্রদল

নয়া পল্টনে সমাবেশে ছাত্রদলের নেতা-কর্মীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2022, 11:01 AM

Updated : 06 Aug 2022, 11:01 AM

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মৃত্যুর ঘটনার প্রতিবাদে জানাতে ঢাকার নয়া পল্টনে সমাবেশ করছে ছাত্রদল।

শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, পরিচালনা করছেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

বেশ কয়েক বছর পর নয়া পল্টনে সমাবেশ করার অনুমতি পেল ছাত্রদল।

গত ৩১ জুলাই বিদ্যুতের লোড শেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের হামলায় নিহত হন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আবদুর রহিম, আহত হন নূরে আলমসহ অনেকে। গুলিবিদ্ধ নুরে আলম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ অগাস্ট মারা যান।

নয়া পল্টনের সমাবেশে অংশগ্রহণরত ছাত্রদল নেতা-কর্মীরা কালো ব্যাজ পরে স্লোগান দিচ্ছেন- ‘নুরে আলমের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরলো কেনো শেখ হাসিনা জবাব চাই’।

সমাবেশের জন্য নয়া পল্টনে সড়কে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চের ব্যানারে এক পাশে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, তার সঙ্গে রয়েছে নুরে আলমের গুলিবিদ্ধ লাশের ছবিটি।

মঞ্চে সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, সুলতান সালাহ উদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, আমিরুজ্জামান খান আলিম, রাজিব আহসান, আকারামুল হাসান, হাবিবুর রশীদ হাবিব, ইকবাল হোসেন শ্যামল রয়েছেন।

ছাত্রদলের এই সমাবেশ ঘিরে পুলিশ মোতায়েন রয়েছে নয়া পল্টনে। সড়কের এক পাশে যানবাহন চলাচল করছে।