বিএনপির কালো পতাকা মিছিল শুক্রবার ঢাকায়, পরদিন সব মহানগরে
যুগপৎ এ কর্মসূচি নিজ নিজ অবস্থান থেকে পালন করবে সমমনা দলগুলো।
সরকার পদত্যাগের একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকাসহ মহানগরে মহানগরে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ সমমনা জোটগুলো।
মঙ্গলবার রাতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, এই কালো পতাকা মিছিল ঢাকা মহানগরে হবে আগামী শুক্রবার। পরদিন শনিবার এই কর্মসূচি সব মহানগরেই অনুষ্ঠিত হবে।
যুগপৎ এই কর্মসূচি নিজ নিজ অবস্থান থেকে পালন করবে সমমনা দল ও জোটগুলো।
গত ১২ জুলাই এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এ পর্যন্ত ঢাকায় মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি, ঢাকায় গণমিছিল, মহানগরে গণমিছিলের কর্মসূচি করে। সর্বশেষ গত শুক্রবার ঢাকাসহ সারাদেশে গণমিছিল হয় বিএনপিসহ সমমনা জোটগুলো।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ছিলেন।
