২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ সরকারের অধীনে কেউ নির্বাচনে যাবে না: রব

“মানুষ কেন্দ্রে গেলে ভোট দিতে পারে না, ব্যালট বাক্সে ফেলতে পারে না,” অভিযোগ তার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 10:47 PM

Updated : 05 Aug 2023, 10:47 PM

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা ‘পাগলেও’ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আবদুর রব।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ সেলিমসহ গ্রেপ্তারদের মুক্তির দাবিতে এ সমাবেশ হয়।

আ স ম রবের অভিযোগ, “মানুষ কেন্দ্রে গেলে ভোট দিতে পারে না, ব্যালট বাক্সে ফেলতে পারে না। এই সরকারের আমলে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এটা পাগলেও বিশ্বাস করে না।

‘‘গোপন কক্ষে সরকারি দলের লোকজন দাঁড়িয়ে থাকে। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।”

দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রসঙ্গ টেনে রব অভিযোগ করে বলেন, ‘‘বাংলাদেশে বর্তমানে যে অবস্থা চলছে, যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা, গুলি চালাচ্ছে তাতে দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ দেশের সকল গণতান্ত্রিক ও বাম ঘরোনার রাজনৈতিক দল-সংগঠন এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না।

‘‘এতে কী হবে জানেন? খবর আছে…জাতিসংঘে শান্তি মিশনে বাংলাদেশিদের যাওয়া বন্ধ হয়ে যেতে পারে, পাসপোর্ট পাবে না। বাংলাদেশকে এখন মিয়ানমার, কম্বোডিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে। সরকারি কর্মকর্তা, পুলিশের কর্মকর্তাদের ছেলেমেয়েরা আর বিদেশে পড়ালেখা করতে পারবে না। সব বন্ধ হয়ে যাবে।”

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘জাতিসংঘ পুলিশকে হুঁশিয়ার করে দিয়েছে, তুমি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এ রকম হামলা করতে পার না। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলে দিয়েছে, তারা সুষ্ঠু নির্বাচন চায়। ভারতও বিবৃতি দিয়েছে, তারা সুষ্ঠু নির্বাচন চায়। চীনও বলেছে, নির্বাচন ও ভোটের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে।

‘‘আগে কী বলেছে সেটা বাদ, এখন কী চায় সেটা দেখেন।”

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক দেশে দুই আইনের প্রয়োগ চলছে অভিযোগ করে বলেন, “ঢাকার প্রবেশমুখে ২৯ তারিখের কর্মসূচির দিনে পুলিশের নাকের ডগায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্রের মহড় দিলো তাদের গ্রেপ্তার করা হয়নি, তাদের ওপর কাঁদুরে গ্যাস ছোঁড়া হয়নি। আর বিরোধী দলের ওপর হামলা হলো, গুলি চালানো হল, কাঁদুনে গ্যাস নিক্ষেপ হল, গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতাদের লাঠিপেটা করা হল।“

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির দাবি, “২৯ তারিখ বাসে কারা আগুন দিয়েছে তা জনগণ ভালো করেই জানে। আওয়ামী লীগ তাদের লোকজন দিয়ে বাসে আগুন দিয়েছে।”

সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম বক্তব্য রাখেন।