হীরক রাজার দেশের মতো ‘দড়ি ধরে টান’ মারতে হবে: ফখরুল
“দাবি একটাই, আমাদের ভোটাধিকার ফেরত দিতে হবে, সংসদ বিলুপ্ত কর এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দাও।”
সরকার ক্ষমতাচ্যুত করতে ‘দড়ি ধরে টান মারার’ জন্য সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে বগুড়ায় এক সমাবেশে এই আহ্বান জানান। বিএনপির সহযোগী তিন সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এই ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজন করে।
সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ সিনেমার কথা তুলে ধরে ফখরুল বলেন, “একটা মূর্তি বানিয়েছিল.. ওই রাজার মূর্তি। ওই মূর্তি উদ্বোধন করবে যেদিন সেদিন হাজার হাজার লোক এসে গেল। একটা দড়ি লাগিয়ে মানুষ বলল, `দড়ি ধরে মার টান, রাজা হবে খান খান’। আজকে এই দড়ি ধরে টান মারতে হবে। আর রাজাকে খান খান করতে হবে।”
যুবকদের আন্দোলনের সম্পৃক্ত হওয়ার আহ্বান করে তিনি হেলাল হাফিজের কবিতার চরণ নিয়ে বলেন, ‘‘আজকে সময় আপনাদের, সময় হচ্ছে তরুণদের। এখন যুদ্ধে যাওয়া সময় যুবকদের।”
বিএনপি মহাসচিব তাদের চাওয়া তুলে ধরে বলেন, “আমাদের দাবি একটাই- আমাদের ভোটাধিকার ফেরত দিতে হবে, পদত্যাগ কর, সংসদ বিলুপ্ত কর এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দাও।”
ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগের নেতারা ‘আবোল-তাবোল’ বলতে শুরু করে দিয়েছেন মন্তব্য করেন তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেন, কারও ভয়ে নাকি তিনি ভীত না। ভীত যদি না হবেন, তাহলে বিদেশ থেকে ফিরে এসে জনগণের সামনে একথা বললেন কেন যে, ‘আমাকে তারা সরায় দিতে চায়’।
“কারা সরাতে চায়? কেন সরাতে চায়?। আপনি ভয় পান না! আবার বলেন যে, ‘অনেক শক্তিশালী সেই দেশ…. আমাকে দুই মিনিটে শেষ করে দিতে পারে’।
‘‘আবার ওদের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) বলছেন, ভিসানীতিতে তারা ভয় পান না। তারা নাকি নতুন ভিসানীতি তৈরি করবেন। এখন জনগণ কী বলবে? জনগণ হাসবে না কাঁদবে, বুঝতে পারছে না…. এদের কথা শুনলে ঘোড়াও হাসে।”
ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি এখনও করতে না পারায় সরকারের কঠোর সমালোচনা করেন ফখরুল। বলেন, ‘‘অনেক কথা বলেন, এই বাংলাদেশের জন্য যা করেছেন তা নাকি কেউ কোনোদিন করেনি। তিস্তা নদীর বন্টনই তো আপনি করতে পারেননি, সীমান্ত হত্যা বন্ধ করতে পারেন নাই, বিভিন্ন নদীগুলো ন্যায্য হিস্যা আনতে পারেন নাই।”
বগুড়ার সেন্ট্রাল হাই স্কুল মাঠে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজশাহী ও রংপুর বিভাগের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশের মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ তাদের জন্য দুটি চেয়ার খালি রাখা হয়।
সমাবেশে আসার পরিবহন বন্ধ করে দেওয়ার অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘‘এই সরকার এত ভীতু, এত কাপুরুষ যে, গাড়ি-ঘোড়া বন্ধ করে দিয়েছে। গাড়ি-ঘোড়া চলতে দেয় তাহলে বগুড়া শহরে জায়গা দিতে পারবে না। এই কারণে গাড়ি বন্ধ করে দিয়েছে।”
‘ঋণের বোঝা’
সরকার মেগা প্রকল্প করে দেশবাসীর উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।
তিনি বলেন, “মেগা প্রজেক্ট করছে, সেই প্রজেক্টে যা খরচ হয়, সেটা তিন গুণ-চার গুণ টাকা নিয়ে আসছে, সেই টাকা আবার আমাদের পকেট থেকে কেটে নেওয়া হচ্ছে।
‘‘আপনি যে মোবাইল ফোন ব্যবহার করে না সেই মোবাইল ফোনে টাকা ভরলে দেখবেন … ১০০ টাকা ভরলে ৩০ টাকা নাই। কোথায় যায়? ওই আওয়ামী লীগের পকেটে। বিদ্যুতের বিলে দেখবেন একই অবস্থা। আমরা ঢাকায় যারা কার্ডে বিল দেই ১০০০ টাকা, ভরলে ৩০০ টাকা নাই।”
তিনি বলেন, “এত বিদ্যুৎ উৎপাদন করছে যে বিদ্যুৎ থাকে না… কিছুক্ষণ আগে এই সমাবেশের মাইক বিদ্যুতের না থাকার কারণে বন্ধ হয়ে গেল। তাহলে গেল কোথায়? এরা ওই টাকা খেয়ে ফেলেছে। এদের লোভটা শেষ হয় না।”
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ও যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আসাদুল হাবিব দুলু, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বক্তব্য রাখেন।
সমাবেশে ফুটবলার মাকসুদ আলম বুলবুল, ‘চাকরি না পাওয়া’ সুজাউল ইসলাম সুমন, মওদুদ আহমেদ, ‘ভোট দিতে না পারা’ ফারজানা ই্য়াসমিন টুসি ও সরকারি চাকরিচ্যুত এইচ এম ফজলে রাব্বিও বক্তব্য রাখেন।
