২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি বন্ধের নির্দেশনায় লাভ হবে না: রিজভী

নেতা-কর্মীদের ‘দূর্জয়’ সাহস নিয়ে শান্তিপূর্ণ ভাবে অবরোধ কর্মসূচিতে রাজপথে থাকার আহ্বান জানান রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 11:40 AM

Updated : 13 Dec 2023, 02:48 PM

ভোটের আগে নির্বাচনী প্রচার ছাড়া অন্যান্য রাজনৈতিক কর্মসূচি বন্ধে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা  মানা হবে না বলে জানিয়ে দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

ইসির কোনো নির্দেশনাতেই ‘সরকার পতনের’ আন্দোলন থামবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার সকালে দলটির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনের শুরুতে নটরডেম কলেজের সামনে ১৫/২০ জন নেতাকর্মী নিয়ে ‘ঝটিকা’ মিছিলে দেখা যায় রিজভীকে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি।

নির্বাচন ঘিরে প্রচার শুরুর পর থেকে ভোটের আগ পর্যন্ত যে কোনো রাজনৈতিক দলকে সভা, সমাবেশ ও অন্যান্য কর্মসূচি পালনের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন থেকে সবাইকে বিরতে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছে ইসি।

ইসি এবং সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, “উদ্দেশ্যে একটাই, বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার নিয়ন্ত্রণ করা, বিরোধী দলের আন্দোলন দমানোর অপেচষ্টা করা। আওয়ামী লীগ গণতন্ত্রকে ধবংস করেছে আর তার বংশবদ নির্বাচন কমিশন তাতে শেষ পেরেক ঠুকতে চাইছে।

“আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই সব নির্দেশনা জারি করে কোনো লাভ হবে না, কোনো পরিপত্র জারি করে জনগণের আন্দোলন দমানো যাবে না। অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঠেকানো যাবেনা।”

মিছিলে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম,যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারি, শাহ আলম, ইব্রাহিম চৌধুরী, কাজী আনোয়ার হোসেন, আবু বকর সিদ্দিকী, মো. বাকী বিল্লাহ, কেএম সোহেল রানা, ছাত্র দলের তৌহিদুর রহমান আউয়াল, আজিজুল হক জিয়ান, সোহেল আহমেদ, রুহুল আমিন প্রধান অংশ নেন।

রিজভীর মিছিল ছাড়াও কমলাপুরে মহানগর দক্ষিণ বিএনপির ইশরাক হোসেন, যুবদলের গোলাম মোস্তফা সাগর, বিল্লাহ হোসেন তারেক, বেইলি রোডে বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, গুলশানে স্বেচ্ছাসেবক দলের ইয়াসিন আলী ও নাজমুল হাসান, বাংলা মোটরে ছাত্রদলের রাশেদ ইকবাল খান, ধূপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আসাদুজ্জামান আসলাম ও সুজন মোল্লার নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল বের হয়।