১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমান হাসপাতালে, দেখে এলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

সকালে গাবতলীতে অবস্থান কর্মসূচি পালনে গেলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।

আমান হাসপাতালে, দেখে এলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

আমানউল্লাহ আমানকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 02:29 PM

Updated : 29 Jul 2023, 03:36 PM

অবস্থান কর্মসূচি থেকে পুলিশ তুলে নেওয়ার পর অসুস্থ বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

তিনি এখন রয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে; তার খোঁজ-খবর নিতে সেখানে প্রতিনিধি পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার পতনের একদফা আন্দোলনে নামা বিএনপি শনিবার ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিয়েছিল। তবে পুলিশ এই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। 

আমানের নেতৃত্বে বিএনপির একদল নেতা-কর্মী গাবতলীতে অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ আমানকে আটক করত চাইলে নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে। ধস্তাধস্তির সময় আমান সড়কে শুয়ে পড়েন।

Image

ঢাকার গাবতলীতে শনিবার সকালে অবস্থান কর্মসূচি পালনে যাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমানউল্লাহ আমানকে পুলিশ আটক করতে গেলে বাধা দেন দলের নারীকর্মীরা, তবে তারা ব্যর্থ হন।

এক পর্যায়ে সঙ্গে নেতা-কর্মীদের হটিয়ে দিয়ে পুলিশ সদস্যরা আমানকে ধরে তাদের গাড়িতে ‍তুলে নিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকসুর সাবেক ভিপি আমানকে দেখতে প্রধানমন্ত্রী তার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুকে হাসপাতালে পাঠাচ্ছেন।

দুপুরের পর গাজী হাফিজুর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান আমানকে দেখতে।

বিএনপি নেতাকে দেখে এসে তিনি সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী মানবতার মা। তিনি আমান ভাইর উন্নত চিকিৎসার জন্য যা যা করার প্রয়োজন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আমানউল্লাহ আমান পছন্দের যে কোনো জায়গায় যেতে পারেন।

“রাজনীতির বাইরেও আমাদের মাঝে একটা মানবিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী তার জন্য ফল ও খাবার পাঠিয়েছেন। জনাব আমানউল্লাহ প্রধানমন্ত্রীর এসকল উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।”

Image

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নূরে এলাহি মিনা জানান, প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস আমানের হাতে তুলে দেন এপিএস-২ গাজী হাফিজুর রহমান।

আমানের অবস্থা জানতে চাইলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মীর জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেস্টে কিছুটা সমস্যা বোধ করছিলেন তিনি। এ কারণে তাকে এখানে আনা হয়েছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।”

পুরানো খবর:

ধোলাইখাল-যাত্রাবাড়ীতে সংঘর্ষ; আমান-গয়েশ্বর আটক
Image

ঢাকার গাবতলীতে শনিবার সকালে অবস্থান কর্মসূচি পালনে যাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমানউল্লাহ আমানকে পুলিশ আটক করতে গেলে বাধা দেন দলের নারীকর্মীরা, তবে তারা ব্যর্থ হন। ছবি: আসিফ মাহমুদ অভি

ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অাটকের পর অসুস্থ বোধ করায় আমানকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সব কিছু স্বাভাবিক দেখাচ্ছিল।

“তার রিং পরানো থাকায় ওই হাসপাতলের চিকিৎসকগন অধিকতর পর্যবেক্ষণের জন্য হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেন। তখন তাকে সেখানে নেওয়া হয়।”

আমানকে গ্রেপ্তার করা হয়েছে কি না- জানতে চাইলে তিনি শুধু বলেন, “উনি এখন পুলিশ হেফাজতে আছেন।”