১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতাবিরোধী সব অপশক্তি প্রতিহত করার ডাক কাদেরের

“বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হল, বিএনপির মত সাম্প্রদায়িক, সন্ত্রাসী, অশুভ শক্তি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2024, 11:55 AM

Updated : 17 Apr 2024, 11:55 AM

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বিএনপিসহ স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে প্রতিহত করার ডাক দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দিবসটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কাদের বলেন, “বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হল বিএনপির মত সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি। এই শক্তিকে প্রতিহত করতে হবে।

“আজকের এই দিনে বিএনপিসহ স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব। আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব।”

বাংলাদেশের কোন কোন অর্জন এখনও বাকি আছে প্রশ্নে কাদের বলেন, “অর্জন করার বাকি আছে সেটা আমি নিজেই আমার বক্তব্যে বলেছি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হল, বিএনপির মত সাম্প্রদায়িক, সন্ত্রাসী, অশুভ শক্তি।”

বিএনপি দিবসটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবির বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, “আমি তো কোনো দাবিকে বিচ্ছিন্নভাবে কিছু বলতে পারি না। মন্ত্রিসভা আছে, প্রধানমন্ত্রী আছেন। তারা এত বছর পর দাবিটা তুলছেন, কেন তুলছেন এটাও জানার দরকার আছে।”