সিটি ভোটের আয়োজনে ‘ফাঁদ’ দেখছে বিএনপি
“আমাদের আন্দোলন একটাই, এই আন্দোলন হচ্ছে এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না,” বলেন ফখরুল।
দেশের পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের উদ্যোগে ‘সরকারের ফাঁদ’ দেখতে পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “এবার জনগণ সরকারের কোনো ট্র্যাপে পা দেবে না, বিএনপি কোনো ট্র্যাপে পা দেবে না।”
নাটোরের এক বিএনপি নেতাকে দেখতে সোমবার সকালে রামপুরার ডেল্টা হেলথ কেয়ারে গিয়েছিলেন ফখরুল। সেখানে সাংবাদিকরা জানতে চান, সিটি ভোটে বিএনপি অংশ নেবে কিনা।
উত্তরে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের সরাসরি বক্তব্য- আমরা কোনো ট্র্যাপে যাচ্ছি না। তাদের ট্র্যাপকে উল্টে ফেলে দেব।”
নির্বাচন নিয়ে বিএনপির অনড় অবস্থানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “আমাদের আন্দোলন একটাই, এই আন্দোলন হচ্ছে এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।
“আর স্থানীয় সরকার নির্বাচন তো অনেক আগেই বাদ দিয়েছি… আপনারা জানেন।”
বিএনপির কেউ যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে চায়, সে ক্ষেত্রে কী হবে জানতে চাইলে ফখরুল বলেন, “এটা তো উত্তর দিয়েছি।”
দেশের পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনের জন্য ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে ২৫ মে। এরপর ১২ জুন খুলনা ও বরিশাল সিটিতে এবং তারপর ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে।
আর এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ক্ষমতাসীন দলের নেতারা বলে আসছেন, নির্বাচনে না এলে বিএনপি দেশের রাজনীতিতেই ‘গুরুত্বহীন হয়ে পড়বে’।
অন্যদিকে মির্জা ফখরুল বলছেন, “আজকে যদি একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে দেখবেন যে, আওয়ামী লীগ ত্রিশটা আসন খুঁজে পাবে না। এটা হচ্ছে বাস্তবতা।
“সেই কারণে আজকে তারা সন্ত্রাসের মাধ্যমে মামলা-মোকাদ্দমা, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের গণতান্ত্রিক কর্মসূচিকে পণ্ড করে দেওয়া– এই করেই তারা আবারো ক্ষমতায় ফিরে আসতে চায়।”
ফখরুল বলেন, “আমরা খুব স্পষ্ট করে বলেছি, তত্ত্বাবধায়ক সরকারের বিধান তারা যদি না নিয়ে আসে, তারা যদি পদত্যাগ না করে, তাহলে এদেশে কোনো নির্বাচন হবে না।”
নাফিজ গ্রেপ্তার প্রসঙ্গ
ডয়েচে ভেলের ডকুমেন্টারিতে র্যাবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সাক্ষাৎকার দেওয়র তরুণ নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তারের ঘটনা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “এখানে যারা কথা বলছে, তাকেই তারা মুখ বন্ধ করার চেষ্টা করছে। এটা শুধু র্যাব নয়, মূলত এর দায়-দায়িত্ব সরকারের।
“র্যাব হচ্ছে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। তারা সরকারের আজ্ঞাবহ, সরকার যেভাবে বলছে সেভাবে কাজ করছে, র্যাবকে তারা ব্যবহার করছে। এখানে মূল দায়িত্বটা এসে পড়ে সরকারের ওপর।
“সেজন্য আমরা এই সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছি। একই সঙ্গে এসব অন্যায়-অপকর্মের বিষয়গুলো তদন্তের জন্য নিরপেক্ষ কমিশন গঠনের কথা বলেছি।”
শনিবার নাটোরের আলাইপুর এলাকায় বিএনপির ‘অবস্থান কর্মসূচি’ পালনকালে হামলায় গুরুতর আহত হন নাটোর সদর উপজেলার সাধারণ সম্পাদক আবুল হোসেন। রোববার তাকে নাটোর থেকে ঢাকার স্থানান্তর করা হয়।
মির্জা ফখরুল বলেন, “এই ধরনের ভয়াবহ কর্মকাণ্ড তারা করছে। কিছুদিন আগে নাটোরের সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ তাকে এবং জেলা কমিটির নেতৃবৃন্দের ওপর তারা অতর্কিতে আক্রমণ করে।সেখানেও ১৫ জনের বেশি নেতা-কর্মী আহত হন, জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করে। এভাবে একটা ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব তারা নাটোরে চালিয়েছে।”
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, “এই সরকার সম্পূর্ণভাবে একটা সন্ত্রাসী সরকারের পরিণত হয়েছে। জনগণ আন্দোলনের মধ্য দিয়ে তার জবাব দেবে।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন।
