সেই সাক্ষাতে নৌকা মার্কা হয়ে যাইনি: কাদের সিদ্দিকী
“ড. কামাল হোসেনকে নেতা মনে করছিলাম বইলা গেছিলাম। যদি ভুল হইয়া থাকে সেটা আমার ভুল হইছে, জীবনের সেরা ভুল,” ঐক্যফ্রন্টে যাওয়া প্রসঙ্গে বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবদুল কাদের সিদ্দিকীর সপরিবারে সাক্ষাতের পর তার কর্মসূচিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উপস্থিতি নিয়ে রাজনীতিতে নতুন কোনো ‘মেরুকরণের সম্ভাবনা’ সরাসরি নাকচ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আলোচিত সেই সাক্ষাতের ঘটনায় আওয়ামী লীগের ‘উৎফুল্ল হওয়ার কিছু নেই’ বলেও মনে করেন তিনি। সেই সঙ্গে তিনি ‘নৌকা মার্কার’ হয়ে গেছেন, এমনটি না ভাবতে নিজের দলের নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন।
শনিবার বিকেলে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবের কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন কাদের সিদ্দিকী।
সানোয়ার হোসেন ১৯৯৩ সালে সখীপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে হন উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক।
১৯৯৯ সালে কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে সরে গিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করলে সানোয়ারও পক্ষ বদল করেন। তিনি দলের জেলা কমিটির যুববিষয়ক সম্পাদক হন।
২০১১ সালের ২৬ মে তিনি কাদের সিদ্দিকীর দল ছেড়ে দিয়ে চলে যান বিএনপিতে। ২০১৫ সালের ২১ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হন বহিষ্কৃত। প্রায় আট বছর পর তিনি ফের কাদের সিদ্দিকীর নেতৃত্বে ফিরলেন।
দলে যোগদানের এই আয়োজনে কাদের সিদ্দিকীর বক্তব্যে প্রাধান্য পায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ, বিএনপি নিয়ে ভাবনা। গত জাতীয় নির্বাচনে ব্যাপক ‘চুরি’ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সেই নির্বাচনে তার মেয়ের ‘হেরে যাওয়াটাই ভালো হয়েছে’ বলেও উপলব্ধির কথা জানান। সেই সঙ্গে সেই নির্বাচনে বিএনপি জোটের অংশ হওয়াটাকে ‘জীবনের সেরা ভুল’ হিসেবে তিনি বর্ণনা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “আমার বোনের (শেখ হাসিনা) সঙ্গে একটু দেখা হওয়ায় আমার দলের অনেক মানুষ মনে করছে আমাগো নেতা গেছে গা, নৌকা মার্কা হইয়া গেছে। অনেক আওয়ামী লীগ নেতারা মনে করছে আমাগো কাম হইছে। না, কিছুই হয় নাই। আমি বঙ্গবন্ধুর ছিলাম, বঙ্গবন্ধুর আছি, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমার সারা কাটিয়ে যাব, এখানে কোনো আপস নেই।’
১৯৯৬ সালে টাঙ্গাইল-৮ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য হন কাদের সিদ্দিকী। দলের সঙ্গে বিরোধের জেরে তিন বছর পর আওয়ামী লীগ ছেড়ে তিনি গঠন করেন কৃষক শ্রমিক জনতা লীগ। ২০০১ সালে সেই দলের হয়েই নির্বাচিত হন সংসদ সদস্য। এরপর থেকে আওয়ামী লীগের কট্টর সমালোচক হয়ে উঠেন তিনি। যোগাযোগ বাড়ে বিএনপির সঙ্গে।
২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপির ২০ দলীয় জোটের পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট নামে যে জোট গঠন করা হয়, তাতেও অংশ নেয় কাদের সিদ্দিকীর দল। জোট থেকে তাকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (বাসাইল সখীপুর) আসন থেকে মনোনয়ন দেওয়া হয়। তবে খেলাপি ঋণের অভিযোগে দুটি মনোনয়নই বাতিল হয়ে যায়।
পরে টাঙ্গাইল-৮ আসনে মনোনয়ন পান তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী। তবে নৌকার প্রার্থীর কাছে হেরে যান বড় ব্যবধানে। সেই নির্বাচনে আওয়ামী লীগের জোয়াহেরুল ইসলাম পান ২ লাখ ৮ হাজার ৩৩৪ ভোট। কুঁড়ির বাক্সে পড়ে ৭২ হাজার ২১১ ভোট।
ভোটের পরে সবার আগে ঐক্যফ্রন্ট ছাড়েন কাদের সিদ্দিকী। পরে এক আলোচনায় বলেন, “আমি একজন গাধা। এ জন্য ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে গিয়েছিলাম।”
২০২২ সালের ২৩ ডিসেম্বর রাজনীতিতে শুরু হয় নতুন আলোচনা। সেদিন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে দেখা করেন কৃষক শ্রমিক জনতা লীগ নেতা। সঙ্গে ছিলেন স্ত্রী নাসরিন সিদ্দিকী এবং তাদের দুই কন্যা।
আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগের ‘কাছাকাছি আসার’ বিষয়টি আরও স্পষ্ট হয় পরে। ১৯৭২ সালের ২৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমাদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ২৫ জানুয়ারি টাঙ্গাইলে যে অনুষ্ঠান হয়, তাতে প্রধান অতিথি হয়ে যোগ দেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সেদিন কাদের সিদ্দিকী বলেন, “বাংলার বাপ একটাই। বাংলার বাপ ২, ৩, ৪টা নয়, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে পথ চলতে চাই।”
এরপর গত ১১ ফেব্রুয়ারি টাঙ্গাইলে এক দলীয় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কঠোর সমালোচনা করেন কাদের সিদ্দিকী।
‘বাংলাদেশের চেয়ে পাকিস্তানই ভালো ছিল’ এমন একটি বক্তব্য দেওয়ায় সেদিন মির্জা ফখরুলকে বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে গিয়ে রাজনীতি করার পরামর্শ দেন ১৯৭১ সালে কাদেরিয়া বাহিনীর প্রধান।
‘হঠাৎ করে বাংলাদেশ হয়ে গেছে’ এমন বক্তব্য রাখার প্রতিক্রিয়ায় গয়েশ্বরকে উদ্দেশ করে সেদিন তিনি বলেন, “এ রকম কথা সহ্য করা যায়? পাকিস্তান বানানোর জন্য বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যায়।”
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সেদিন তিনি বলেন, “শেখ হাসিনা আমার বোন, বোনের সঙ্গে রাজনীতি নিয়ে তর্কাতর্কি হতে পারে, কিন্তু তার সম্মানহানি হয় এমন কাজ আমি করতে পারি না।”
এসব ঘটনায় রাজনীতিতে গুঞ্জন উঠে যে আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব ঘুঁচিয়ে তাদের কাছাকাছি আসতে যাচ্ছেন কাদের সিদ্দিকী।
‘ধানের শীষে ভোট করা জীবনের সেরা ভুল’
২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির জোট জাতীয় ঐক্যফন্টের শরিক হয়ে অংশ নেয়াকে ‘জীবনের সেরা ভুল’ বলেন কাদের সিদ্দিকী। তবে বিএনপিকে দেখে নয়, সেই জোটের প্রধান নেতা হিসেবে সামনে আসা ড. কামাল হোসেনকে দেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।
কাদের সিদ্দিকী বলেন, “অনেকেই মনে করেন আমি ধানের শীষে নির্বাচন করছি, ধানের শীষে গেছি। আমি ধানের শীষে কোনো দিন যাই নাই। ড. কামাল হোসেনকে নেতা মনে করছিলাম বইলা গেছিলাম। যদি ভুল হইয়া থাকে সেটা আমার ভুল হইছে, জীবনের সেরা ভুল। কিন্তু আমি বিএনপিতে যাই নাই।
“বিএনপিকে আমি বন্ধুও মনে করি না, বিএনপি আমার শত্রুও না। কিন্তু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বিএনপি আসমান এনে দিলেও তারা আমারে পাবে না।”
একাদশ সংসদ নির্বাচনে নিজের মেয়ের ভোটের কথা তুলে ধরে জনতা লীগ নেতা বলেন, “আমার মেয়ে কুঁড়ি সিদ্দিকী সখীপুর-বাসাইল থেকে ভোটে দাঁড়িয়েছিল। দেড় দুই ঘণ্টা ভোট হয়েছিল। ৭২ হাজার কত ভোট যেন পাইছিল।
“ভালোই করছে। আমার মেয়ে যদি ভোটে উঠত, তাহলে তাকে পদত্যাগ করতে হত। আল্লাহই পদত্যাগ করাই দিছে। ইলেকশনে সব কিছু যে চুরি, সেই চোরের পার্লামেন্টে সংসদে আমার মেয়ে কেমনে কইরা যাইত? সেটা যাওয়া ঠিক হত না।”
দলের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য শামীম আল মনসুর ওরফে আজাদ সিদ্দিকী, সখীপুর উপজেলার আহ্বায়ক আবদুস সবুর খান, এবং দলে যোগ দেয়া সানোয়ার হোসেন।
