১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমজনতার দলের তারেককে আপিল করতে বললেন ইসি সচিব

“(নির্বাচন কমিশন) নিশ্চয় এটা বিবেচনায় নেবেন। আন্তরিকভাবে আবেদন করব, অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে সুরাহার দিকে নিয়ে যাবেন।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 04:36 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

নিবন্ধনের দাবিতে অনশনে থাকা আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানকে নির্বাচন কমিশনে আপিল করার আহ্বান জানিয়েছেন সচিব আখতার আহমেদ।

রোববার বিকালে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমজনতার দল আইনসম্মত পথে এগোলে ইসি বিষয়টি বিবেচনায় নেবে। 

“আইনগত দিক থেকে আমাদের যেটুকু বলার, সেটা চিঠির মাধ্যমে বলেছি। এখন আপিল করতে পারেন, ঘাটতি যেগুলো আছেন পূরণ করে দিতে পারেন। আপিল, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন, সময় বাড়ানো এগুলো প্রচলিত প্রথা। 

“(নির্বাচন কমিশন) নিশ্চয় এটা বিবেচনায় নেবেন। আন্তরিকভাবে আবেদন করব, অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে সুরাহার দিকে নিয়ে যাবেন।”

আমজনতার দল আপিল করতে চাইলে ইসি সচিব বরাবর করতে হবে বলেও জানান আখতার আহমেদ।।

নিবন্ধন না পেয়ে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান মঙ্গলবার বিকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশনে রয়েছেন।  

ইতোমধ্যে সোয়া শ ঘণ্টা অনশনে পার করেছেন তিনি। বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল, সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংহতি জানাচ্ছেন তারেকের প্রতি।

রোববার দুপুরে নির্বাচন ভবনের প্রধান ফটকের সংহতি প্রকাশ করতে যান বিএনপি নেতা ইশরাক হোসেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পট পরিবর্তনের পর ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করলেও ‘আইনি জটিলতায়’ শেষ পর্যন্ত তিনি দায়িত্ব নিতে পারেননি।

এবার ঢাকা-৬ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ইশরাক সাংবাদিকদের বলেন, “আজ আমি এখানে এসেছি দেশের একজন নাগরিক, সাধারণ ভোটার হিসেবে, একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে। আমজনতার দলের তারেক রহমানের মত ইয়াং ডাইনামিক লিডারকে বঞ্চিত করা হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছেন। অবশ্যই উনাকে নিবন্ধন দেওয়া উচিত।”

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নিবন্ধন দেওয়া সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। দলগুলো নিয়ে কারো আপত্তি থাকলে তা ১২ নভেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে কমিশনের এক বিজ্ঞপ্তিতে।

এবার ১৪৩টি দল নিবন্ধনের আবেদন করলে ইসির প্রাথমিক বাছাইয়ে বাদ যায় ১২১টি। ২২টি দলের মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত শেষে নিবন্ধন শর্তপূরণ করায় তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইতোমধ্যে নিবন্ধন না পাওয়ার কারণ তুলে ধরে আমজনতার দলটির সভাপতিকে চিঠিও দেওয়া হয়েছে। তবু নিবন্ধনের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক।

ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব আখতার আহমেদ।

১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি অ্যাপ’

ইসি সচিব আখতার আহমেদ জানান, ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন অ্যাপ উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে।

প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’। এ অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি জেল হাজতে থাকা ভোটার, সরকারি কর্মকর্তা, ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, “আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর অ্যাপ উদ্বোধন হবে। ১৬ নভেম্বর রোববার—বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই বিষয়টি বিবেচনা করে আমরা এখন ১৮ নভেম্বর লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি।”

১৮ নভেম্বর ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে বলে জানান তিনি।

বিধিমালার গেজেট পেলে দলের সংলাপ সূচি ঠিক হবে

ইসি সচিব জানান, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট আকারে প্রকাশ পেলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি ঠিক করা হবে।

ইতোমধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি। গণমাধ্যমে, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিদের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অপেক্ষায় ইসি। 

গণমাধ্যম নীতিমালা সংশোধনের দাবি 

এদিকে সাংবাদিকদের জন্য প্রণীত গণমাধ্যম নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছেন গণমাধ্যকর্মীরা।

রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-(আরএফইডি) ও বিবিসি মিডিয়া অ্যাকশন প্রতিনিধি দল।

বৈঠকের পর বিজেসি চেয়ারম্যান রেজায়োনুল হক রাজা  বলেন, “বৈঠকে ইসির সিনিয়র সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, তারা সাংবাদিকদের প্রস্তাবগুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।”

পুরনো খবর

নিবন্ধন দাবিতে আমজনতার সদস্য সচিবের অনশনের ৮৪ ঘণ্টা পার

পোস্টাল ভোটিংঅ্যাপে নিবন্ধন কীভাবেকাজ কী ৩ খামের