Published : 20 Sep 2025, 08:12 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট পেপারে ভোট দিতে চাইলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধন শেষে প্রবাসীদের ঠিকানায় ‘বড় খামে’ পৌঁছে যাবে ব্যালট পেপার। প্রতীক বরাদ্দের পর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ডাকঘরে ফেললে তা ফেরত আসবে রিটার্নিং কর্মকর্তার কাছে।
ফলে এই অ্যাপ কবে উদ্বোধন হবে, নিবন্ধন কীভাবে করা যাবে, নিবন্ধনের পর কীভাবে ভোট দিতে হবে, ব্যালট পেপার কীভাবে পৌঁছাবে, কীভাবে ফেরত আসবে— এ ধরনের নানা জিজ্ঞাসা সামনে আসছে।
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হওয়ার কথা রয়েছে। এজন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনি আইন সংস্কারের জন্য পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার বিষয়টি যুক্ত করে সরকারের কাছে পাঠিয়েছে কমিশন। পোস্টাল ব্যালটের প্রচারও শুরু হয়েছে প্রবাসে।
গেল রোববার মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে মত বিনিময়কালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ব্যালট কোথায় যাচ্ছে, তা অনলাইনে ট্র্যাকও করতে পারবেন ভোটাররা।
নিবন্ধন শুরু কবে, জানাবে ইসি
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধন অ্যাপের নাম ‘পোস্টাল ভোট বিডি’। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপটি চালু করতে হবে।
তিনি জানান, মূল চাবিকাঠি এনআইডি। যারা প্রবাসে রয়েছেন, তারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন। অ্যাপটা এখনও চালু না হলেও কমিশন মোটামুটিভাবে নাম চূড়ান্ত করে ফেলেছে।
নিবন্ধিত হওয়ার পর প্রবাসী ভোটার কোন ঠিকানায় ব্যালট পেপার পেতে চান, সে ঠিকানা দিতে হবে অ্যাপে।

বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ বলেন, “প্রবাসে নিবন্ধন করার পর ভোটের দিন যদি বাংলাদেশে থাকেন; যদি বলেন আমি দেশে ভোট দেব, সেটা হবে না।
“কতজন নিবন্ধন করবেন, কীভাবে নিবন্ধন করবেন, কবে নাগাদ করবেন- সেগুলো আমরা বলে দেব।”
দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় যারা সরকারি চাকরিজীবী, ভোটের দিন যারা নির্বাচনি দায়িত্বে থাকবেন কিংবা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
দেশের ভেতরে ও বাইরের পদ্ধতি একই, তবে সময়ের পার্থক্য হবে। প্রবাসীদের জন্য আগে, দেশে যারা, তাদের জন্য আরেকটু পরে।
প্রযুক্তিগত সতর্কতা ও মতামত নেওয়ার পরামর্শ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক মনে করেন, প্রবাসীর অবস্থান কোন দেশে, তিনি কোথায় অবস্থান করছেন, সেসব বিষয়ও টেকনিক্যালি যাচাই-বাছাইয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন।
শুক্রবার তিনি বলেন, “যারা এ অ্যাপ করছেন, তাদের বাইরে আরেকটা টিম লাগবে; যারা এটার সঠিকতা যাচাই করবে। এর কী কী ত্রুটি আসতে পারে, সেটা অন্য আরেকটা টিমের মাধ্যমে যাচাই-বাছাই করতে হবে।
“আমার মতে, অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া পাবলিক করা দরকার। যে প্রক্রিয়া ফলো করতে যাচ্ছেন, সেটা পাবলিক করার পর ৭-১০ দিন সময় দিয়ে মতামত চাওয়া দরকার। ইসির চিন্তার বাইরেও কোনো অতিরিক্ত পয়েন্ট যুক্ত করার অপরচুনিটি আছে কিনা, দেখতে হবে। যথেষ্ট প্রচার- প্রচারণাও চালাতে হবে।”
পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন প্রক্রিয়ার নানা ধাপের বিষয়ে ইসির একজন কর্মকর্তা বলেন, “অনেকগুলো বিষয় ট্রায়াল বেসিসে আছে। অ্যাপে কী কী দিলে সুবিধা হবে, কী কী অসুবিধা হবে, কী কী চাইলে ভালো হবে, কতটুকু যাচাই করতে গেলে আমাদের সার্ভারে কতটুকু চাপ পড়বে, একই সময়ে কত লোক হিট করলে আমরা নিতে পারব, কত লোক দেশের বাইরে আছে, এসব বিশ্লেষণ চলছে।”
ফেস ভেরিফিকেশন করা হবে নাকি নাম্বার ভেরিফিকেশন করা হবে, নাকি অন্য কিছু। ওটিপি নেওয়া হবে নাকি ওটিপিটা এসএমএস-এ দেওয়া হবে, নাকি মেইলে দেওয়া হবে, ইত্যাদি বিষয়ে কাজ চলছে বলেও জানান এ কর্মকর্তা।

কী থাকবে অ্যাপে
আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) অ্যানরুলমেন্ট প্রসেস ও ভোটিং প্রসেস নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আইটি-সপোর্টেড ভোটিংয়ের বিষয়টি যুক্ত করা হয়েছে। আইনি রূপ পেলেই পুরোদমে অ্যাপ উদ্বোধন, নিবন্ধন প্রক্রিয়া ও ভোটিং পদ্ধতি নিয়ে চূড়ান্তভাবে প্রচারে নামবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
>> ভোটারকে প্রথমে অ্যাপের মাধ্যমৈ নিবন্ধন করে তালিকাভুক্ত হতে হবে। অ্যাপটি ইনস্টল করলে পোস্টাল ভোটিংয়ের একটি নির্দেশিকা ভিডিও টিউটোরিয়াল দেখা যাবে; যাতে নিবন্ধনের প্রক্রিয়াও তুলে ধরা হবে।
>> মোবাইল অ্যাপে গিয়ে ভোটার প্রথমে ভাষা পছন্দ করবেন; তারপর 'রেজিস্ট্রেশন করুন' বাটনে ক্লিক করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে হবে।
>> ভোটার যে দেশ থেকে নিবন্ধন করছেন, প্রথমে সে দেশের নাম বাছাই করবেন।
>>পরবর্তী ধাপে ভোটারের মোবাইল নম্বর যাচাইয়ের জন্য মোবাইলে ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি অ্যাপে ব্যবহার করতে হবে।
>> মোবাইল নম্বর যাচাই শেষে ভোটার তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করতে পারবেন।
>> অ্যাপের লগইন স্ক্রিনে গিয়ে মোবাইল নম্বর দিয়ে লগইন করবেন।
>> তারপর ফেসিয়াল ভেরিফিকেশন এবং লাইভলাইনস যাচাই করা হবে। এক্ষেত্রে অ্যাপের মাধ্যমে ভোটারের মুখমণ্ডলের ছবি তুলতে হবে।
>> এই প্রক্রিয়া শেষে ভোটারকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোপোর্টের তথ্য অ্যাপে দিতে হবে।
>> পরবর্তী ধাপে ভোটার যে দেশে অবস্থান করছেন, তার বিস্তারিত ঠিকানা দিতে হবে; এ ঠিকানায় পোস্টাল ব্যালট পেপার পাঠানো হবে।

ভোট প্রক্রিয়া ও তিন খামের ব্যবহার
>> নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট পেপার পাঠাবে।
>> ভোটারের কাছে বহির্গামী খামে (খাম নং-১) ফেরত খাম (খাম নং-২) ও পোস্টাল ব্যালট পেপার সম্বলিত আরেকটি খাম (খাম নং-৩) পাঠানো হবে।
>> ফেরত খামের মধ্যে ভোটারের সংশ্লিষ্ট সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার ঠিকানা থাকবে।
>> পোস্টাল ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে; প্রার্থীর নাম থাকবে না।
>> নির্বাচন কমিশন ঘোষিত নির্ধারিত সময়সীমার মধ্যে ভোটারকে প্রবাস থেকে ভোট দিতে হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, ব্যালট পেপার পাওয়ার পর অ্যাপের মাধ্যমে কিউআর কোড ব্যবহার, ভোট দেওয়ার আগে নির্দেশনাপত্র ও ঘোষেণাপত্র পড়ে নিতে হবে; ঘোষণাপত্রে ভোটারের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষর দেওয়ার বিষয়গুলো রাখা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
>> স্বয়ংক্রিয়ভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে এবং ডাক অধিদপ্তরের মাধ্যমে ব্যালট পেপার ট্র্যাকিং করা যাবে।
>> ভোটার ব্যালট পেপারে প্রতীকের পাশে ফাঁকা ঘরে টিক (√) চিহ্ন কিংবা ক্রস (x) চিহ্ন দিয়ে ভোট দেবেন। এক্ষেত্রে মোবাইল অ্যাপের মাধ্যমে স্ব স্ব আসনের বিপরীতে প্রার্থীর নাম ও প্রতীক দেখে নিতে পারবেন।
>> ভোট দেওয়ার পর ব্যালট পেপারটি ফেরত খামে রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন।
>> ভোটারের নিকটস্থ ডাকঘরে যথা শিগগির সম্ভব ফেরত খামটি জমা দেবেন। ভোটের দিনের আগেই ভোটারদের ব্যালট পেপার স্ব স্ব রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে। তা না হলে এ ভোট গণনা হবে না।
>> ফেরত খামের ডাক মাশুল পরিশোধিত থাকবে। তাই ভোট দিয়ে ফেরত খামের জন্য প্রবাসী ভোটারের কোনো অর্থ ব্যয় হবে না।
আরও খবর-
বিপুল ব্যয়ের পোস্টাল ভোটিংয়ে সাড়া মিলবে তো?
রোডম্যাপ ঘোষণা: সংলাপ ও পোস্টাল ভোট নিয়ে যত পরিকল্পনা ইসির
প্রবাসীর ভোট: নিবন্ধন অ্যাপ, ব্যালট মুদ্রণ ও আনা-নেওয়ার খরচ কষছে ইসি
প্রবাসী ভোট: কীভাবে পোস্টাল ব্যালট সামলাবে ইসি, চ্যালেঞ্জ কোথায়?
প্রবাসীদের নিবন্ধনের জন্য তৈরি হচ্ছে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ: ইসি সচিব