Published : 08 Nov 2025, 01:42 AM
নিবন্ধনের দাবিতে নির্বাচন ভবনের সামনে অনশনে থাকা আমজনতার দলের (এজেডি) সাধারণ সম্পাদক মো. তারেক রহমান ৮৪ ঘণ্টা পার করেছেন।
শুক্রবার মধ্যরাতের পরেও তিনি সেখানে দাবি আদায়ে অনশন করে যাচ্ছেন।
টানা সেখানে অনশনের ৮৪ ঘণ্টা পার করার পর রাত ১২টা ২৮ মিনিটে তিনি ফেইসবুক লাইভ এসে নিজের দাবি দাওয়া তুলে ধরেন।
দলেল নিবন্ধনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে মঙ্গলবার থেকে অনশন কর্মসূচিতে নামেন এ নেতা।
শুক্রবার ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা তার খোঁজখবর নিয়েছেন। আগের দিন রাতে ইসির যুগ্ম সচিব অনশন স্থলে এসে তার সঙ্গে দেখা করে কথা বলেছেন।
ইসি কর্মকর্তারা বলছেন, শর্ত পূরণ করতে না পারায় নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। আইন-বিধি অনুযায়ী এটা ইসির সিদ্ধান্ত। এক্ষেত্রে আর কিছু করার নেই, সংক্ষুব্ধ হয়ে আদালতে প্রতিকার চাওয়ার অধিকার সবার।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইতোমধ্যে নিবন্ধন না পাওয়ার কারণ তুলে ধরে দলটির সভাপতিকে চিঠিও দেওয়া হয়েছে। তবুও অনশন চালিয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক তারেক।
এ বিষয়ে শুক্রবার রাতে আমজনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামান মুঠোফোনে বলেন, “ইসির চিঠি পেয়েছি। কিন্তু আটটি বিষয়ে অসত্য দেওয়া হয়েছে। সঠিকভাবে তদন্তও করেনি।”
সব ধরনের নিবন্ধন শর্ত পূরণ করার পরও নির্বাচন কমিশন ‘অন্য কারো দ্বারা নির্দেশিত হয়ে’ আমজনতার দলকে নিবন্ধন দেয়নি বলে অভিযোগ তার।
তার ভাষ্য, “এজন্য আমাদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অনশনে নেমেছেন; টানা অনশন করছেন। আমরা রাজনৈতিক চাপে রাখতে চাই ইসিকে।”
আদালতে যাওয়ারও প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নিবন্ধন দেওয়া সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে ১২ নভেম্বরের মধ্যে দলগুলো নিয়ে কারো আপত্তি থাকলে তা জানাতে বলা হয়েছে।
এবার ১৪৩টি দল নিবন্ধনের আবেদন করলে ইসির প্রাথমিক বাছাইয়ে বাদ যায় ১২১টি। ২২টি দলের মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত শেষে নিবন্ধন শর্তপূরণ করায় তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়।
ইতোমধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অনেকে অনশনে সংহতি প্রকাশ করেছেন।
নিবন্ধন না পেয়ে ইসির সমানে অনশনে আমজনতার তারেক