Published : 04 Nov 2025, 06:19 PM
নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতার দল নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান নির্বাচন কমিশনের সামনে ‘আমরণ’ অনশনের ডাক দিয়েছেন।
মঙ্গলবার বিকাল ৪টার পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে অনশনে বসেছেন তিনি।
এ সময় তার হাতে ‘নিবন্ধনের দাবিতে আমরণ অনশন’ লেখা প্ল্যাকাড দেখা গেছে।
তারেক সাংবাদিকদের বলেন, “কী কারণে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি, এটা আমাদের জানা নেই। ইসি কোনো কারণও উল্লেখ করেনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত আমরা এখানে থেকে নড়বো না।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিকালে নির্বাচন কমিশন সচিবের দপ্তরের বাইরেও অপেক্ষা করতে দেখা যায় আমজনতা দলের সদস্য সচিবকে তারেককে।
ইসি সচিবের সংবাদ সম্মেলনের পরেই নিবন্ধন না পাওয়ার খবর পেয়ে অনশন শুরু করেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত সময়ে ১৪৩টি দল আবেদন করে জুনে; এরপর প্রাথমিক বাছাইয়ে ঝরে পড়ে ১২১টি আবেদন।

সরেজমিনে প্রথম ধাপে বাদ ৭ দল
এরপর ২২টি দলের সরেজমিন তদন্ত হয়। তাতেই নিবন্ধন অযোগ্য সাতটি দল- ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিবি (এম), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি, জমিয়তে ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি।
বাকি দলগুলোর মাঠ পর্যায়ের কার্যালয়, কমিটিসহ অন্যান্য শর্ত তদন্ত করা হয়।
সবশেষ বাদ পড়ল যে ১১ দল
আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় লীগ।
একটির নিবন্ধনে আদালতের অপেক্ষায় ইসি
আর বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে আদালত নিবন্ধন দেওয়ার নির্দেশনা দেওয়ায় আদেশের কপির অপেক্ষায় রয়েছে ইসি।
তিন দলকে নিবন্ধনের সিদ্ধান্ত
এক মাস ধরে দুই দফা পুনঃতদন্ত শেষে নিবন্ধন শর্ত পূরণ করায় মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দেয় এএমএম নাসির উদ্দিন কমিশন।
দাবি আপত্তি শেষে মধ্য নভেম্বরে নিবন্ধন চূড়ান্ত করো হবে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।
আরও পড়ুন: