২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভিত্তিহীন ও কাল্পনিক’: ফখরুল

ফখরুল বলেন, আন্দোলনকে দমন করতে আওয়ামী সরকারের এই ধরণের আগ্রাসী ও নির্মম ভূমিকার নজির পৃথিবীতে নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2024, 10:26 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বিএনপিকে দায় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাকে ‘ভিত্তিহীন ও কাল্পনিক’ বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “গতকাল প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে যে বক্তব্য রেখেছেন তা সম্পূর্ণ রুপে ভিত্তিহীন, কাল্পনিক এবং বিএনপির আদর্শের প্রতি কুঠারাঘাতের সামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

সোমবার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েকদিনে সারাদেশে যে তাণ্ডব চলেছে, তার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন। 

সরকারপ্রধান বলেন, “দ্রুত এই দুর্বৃত্ত শিবির-জামায়াত, বিএনপির সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ১৩/১৪তে অগ্নিসন্ত্রাস যারা করেছে তাদের অনেককে শাস্তি দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে আবার একই চেহারায়। তবে এবার অত সহজে ছাড়া হবে না।” 

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, “শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে কার ইশারায় রংপুরে আবু সাইদসহ দেড় শতাধিক ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে নিরীহ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে তা আপনারা ভালোভাবে জানেন।

“হত্যা ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, নেতৃবৃন্দসহ সাধারণ মানুষকে গ্রেপ্তার ও কারান্তরীণের ঘটনায় প্রমাণিত হয়েছে যে, সরকারের ভিতে কম্পন শুরু হয়েছে।”

বিএনপি মহাসচিব বলেন, “দেশব্যাপী সংঘটিত সরকারি অপতৎরতা এবং পৈশাচিক ও বর্বরোচিত ঘটনা সারা বিশ্ব থেকে আড়াল করতে পরিকল্পিতভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঔপনেবেশিক ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং স্বৈরাচার এরশাদ আমলেও এমন নির্বিচার হত্যাকাণ্ড সংঘটিত হয়নি।”

“শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা যে ধরণের বক্তব্য রাখছেন তাতে প্রতীয়মান হচ্ছে যে, তারা সরকারি দলের কোনো পদে অধিষ্ঠিত আছেন। আন্দোলনকে দমন করতে আওয়ামী সরকারের এই ধরণের আগ্রাসী ও নির্মম ভূমিকার নজির পৃথিবীতে নেই।”

নয়া পল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রাজনৈতিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের নিন্দা ও অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিএনপি মহাসচিব।

গত ২৪ ঘণ্টায় দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ১২ দলীয় জোটের নেতা জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব, দক্ষিণেরর আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ সারাদেশে গ্রেপ্তার বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তিনি।