২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোভাযাত্রায় জনসমাগম দেখে মায়া বললেন, আওয়ামী লীগ ‘১ নম্বর দল’

সমাবেশে আওয়ামী লীগের নেতাদের অধিকাংশই বিএনপিকে হুঁশিয়ার করে বক্তব্য দেন।

শোভাযাত্রায় জনসমাগম দেখে মায়া বললেন, আওয়ামী লীগ ‘১ নম্বর দল’

ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন ’শোভাযাত্রা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 08:01 PM

Updated : 18 Jul 2023, 08:01 PM

রাজধানীতে বিএনপির পদযাত্রার দিন আওয়ামী লীগের শোভাযাত্রায় যে জনসমাগম হয়েছে, তাতে সন্তুষ্ট ক্ষমতাসীন দলটির নেতারা।

মঙ্গলবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করে সেখান থেকে ধানমণ্ডি পর্যন্ত ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা করে আওয়ামী লীগ।

দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই সমাবেশ ডাকা হলেও তাকে সারা ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দেন, ছিল সহযোগী সংগঠনগুলোও।

বিকাল ৩টায় কর্মসূচির সময় নির্ধারণ করা হলেও তার আগেই সমাবেশস্থল ভরে যায়। শেষে সমাবেশের ব্যাপ্তি ছড়িয়ে পড়ে প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন, রমনা থেকে শাহবাগ পর্যন্ত।

জনসমাগাম দেখে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “এই সমাবেশ প্রমাণ করে আওয়ামী লীগ দেশের এক নম্বর সংগঠন।”

বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ আখ্যায়িত করে তিনি বলেন, “যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করেন, আওয়ামী লীগের কর্মীদের উপর হামলা করেন, তবে ভয়াবহ পরিণতি হবে। আজকে থেকে শুরু করে নির্বাচন আগ পর্যন্ত আমরা মাঠে থাকব। রাজপথেই জবাব দেব।”

Image

ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন ’শোভাযাত্রা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশ শেষে বিকাল ৫টায় শোভাযাত্রা উদ্বোধন করেন। তা ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয়। ব্যানার-ফেস্টুন-প্লাকার্ড হাতে নেতা-কর্মীরা অংশ নেন সেই শোভাযাত্রায়, ঘোড়ার গাড়ি আর বাদক দলও ছিল এই মিছিলে।

সমাবেশে আওয়ামী লীগের নেতাদের অধিকাংশই বিএনপিকে হুঁশিয়ার করে বক্তব্য দেন। যে কোনো ষড়যন্ত্রের জবাব দিতে দলের কর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান তারা।

পুরনো খবর:

ইইউ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘ঘোড়ার ডিম’ পেয়েছে বিএনপি: কাদের

সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে, তার দাঁতভাঙা জবাব দিতে হবে। ওরা ভেবেছে নৈরাজ্য করে পার পেয়ে যাবে। অগ্নিসন্ত্রাস করলে, নৈরাজ্য করলে আমরা কিন্তু বসে থাকব না। এতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে দায়ী থাকবে বিএনপি-জামায়াত।”

সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, “বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশকে তারা আবার সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়। মিরপুরে যেভাবে ছাত্রদের আক্রমণ করেছে, হোন্ডা পুড়িয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করেছে, এগুলো কীসের আলামত?”

Image

ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন ’শোভাযাত্রা।

যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, “দেশে শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদেরকে এই বিশাল শান্তি সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করতে হয়েছে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে।"

সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, "বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে জনগণের কাছ থেকেই ওরা প্রত্যাখ্যাত হবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে আবারও উন্নয়নের সরকার কায়েম করবো।

"আগামী সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় এজন্যই আমাদের এই শান্তি সমাবেশ। লক্ষ লক্ষ মানুষ আজকের এই সমাবেশে অংশগ্রহণ করছে। তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে চায়।”