২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ‘অবাধ ও সফল’, বিএনপিকে অভিনন্দন চীনের

“আমরা নতুন সরকারের সঙ্গে কাজ করা এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার প্রতীক্ষায় আছি,” বলা হয় বিবৃতিতে।

নির্বাচন ‘অবাধ ও সফল’, বিএনপিকে অভিনন্দন চীনের
ছবি: রয়টার্স

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 08:16 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অবাধ ও সফল’ অভিহিত করে বিজয়ী বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন সরকার।

ভোট গণনার ফলে বিএনপির নিরঙ্কুশ জয়ের আভাসের মধ্যে শুক্রবার সকালে ঢাকায় চীন দূতাবাসের বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

পরে এক প্রশ্নের উত্তরে বিএনপিকে অভিনন্দন জানানোর পাশাপাশি নতুন সরকারের সঙ্গে সহযোগিতা কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, “অবাধ ও সফল সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ এবং ভোটের ফলে চালকের আসনে থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন।

“আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করা এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার প্রতীক্ষায় আছি।”

আর নির্বাচন নিয়ে এক প্রশ্নে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “বাংলাদেশে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হয়েছে এবং নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকে চীন অভিনন্দন জানাচ্ছে।”

তিনি বলেন, “ঐতিহ্যবাহী বন্ধু ও প্রতিবেশি হিসেবে চীন বাংলাদেশকে তার অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিতে সমর্থন জানায়। 

“আর দীর্ঘদিনের বন্ধুত্ব এগিয়ে নিতে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায়োগিক সহযোগিতা গভীর করতে এবং চীন-বাংলাদেশের সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীরদারত্বকে আরও শক্তিশালী করতে চীন প্রস্তুত রয়েছে।”

বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফলে ২৯৯ আসনের মধ্যে ২০৯ টিতে বিজয়ী হয়েছে বিএনপি।

জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনি জোটে থাকা বিজেপি ও গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। ৭টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

একটি আসন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তারেক-মোদী ফোনালাপ: সমর্থনের বার্তা

তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত

নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন