Published : 24 May 2025, 06:46 PM
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কয়েকটি দলের সঙ্গে রোববার বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সেদিন বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হবে বলে জানিয়েছেন সরকারপ্রধানের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে শনিবার রাতে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আলাদা বৈঠক করবেন মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “'আরও কয়েকটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা রোববার বৈঠকে বসবেন। তবে সেই দলগুলোর তালিকা এখনো চূড়ান্ত হয়নি।"
এ বৈঠকে আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে একজন উপদেষ্টা কল করেছিলেন। তিনি ফোন করে সময়-টময় জানতে চাইল, ওই সময়ে আমরা পারব কি না, আমরা বললাম, ‘পারব’।”
বিকেল পাঁচটার দিকে ওই বৈঠক হতে পারে বলে ধারণা করছেন মঞ্জু।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত বছর ৫ অগাস্ট সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার তিন দিন পর ৮ অগাস্ট নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।
জুলাই আন্দোলনের ঐক্য মাস কয়েক বজায় থাকলেও প্রথমে ছাত্রদের মধ্যে ফাটল দেখা দেয়। তারপর রাষ্ট্রপতিকে অপসারণ ও ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে বিএনপির সঙ্গে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের দূরত্ব তৈরি হয়।
এরপর নতুন দল এনসিপির আত্মপ্রকাশের পর সংস্কার ও নির্বাচন বিষয়ে মিত্র দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট হতে শুরু করে।
এর মধ্যে বিএনপি ও এনসিপি পাল্টাপাল্টি করে কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। বুধবার সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়ে কথা বলেছেন বলে খবর প্রকাশ পেয়েছে।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ইচ্ছা প্রকাশের’ গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে শনিবার উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মুহাম্মদ ইউনূস ‘অবশ্যই’ সরকারে থাকবেন।