দেশ ‘নীল নকশার’ নির্বাচনের দিকে যাচ্ছে কিনা, সন্দেহ জামায়াতের
”আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে কিন্তু তার আগে এসব প্রশ্নের সকলে মিলে একটা সমাধান করতে হবে,” প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিফ্রিংয়ে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
বর্তমান সরকার এবং দেশি-বিদেশি শক্তি নির্বাচনকে সুষ্ঠু হওয়ার পথে বাধা তৈরি করছে অভিযোগ করে জামায়াতে ইসলামী বলছে, দেশ একটি ‘নীল নকশার’ নির্বাচনের দিকে যাচ্ছে কি না তা নিয়ে তাদের ও জনমনে সন্দেহ তৈরি হয়েছে।
রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে বৈঠক শেষে বিফ্রিংয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের তার দলের এমন অবস্থানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “বর্তমান সরকার এবং দেশি-বিদেশি শক্তি মিলে নির্বাচনকে সুষ্ঠু হওয়ার পথে বাধা তৈরি করছে। একটি নীল নকশার নির্বাচনের দিকে যাচ্ছি কি না, সে ব্যাপারে আমাদেরও সন্দেহ তৈরি হচ্ছে, দেশে জনমনেও প্রশ্ন তৈরি হচ্ছে।
“কারণ বাংলাদেশের সরকারপ্রধান লন্ডনে গিয়ে একটি দলের সাথে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা, এটা নজিরবিহীন ঘটনা। এতে করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে, একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে। মানুষের পারসেপশন তৈরি হয়েছে যে এই দল আগামী নির্বাচনে সরকারের সুবিধা....।"
তাদের সন্দেহ ও অভিযোগের বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করার কথা বৈঠক শেষে বিফ্রিংয়ে তুলে ধরেন নায়েবে আমির। বলেন, প্রধান উপদেষ্টা সব কথাবার্তা শুনেছেন এবং বিষয়গুলো বিবেচনা নেবেন বলে জানিয়েছেন।
এ ব্ঠৈক কেন ডাকা হয়েছে এবং প্রধান উপদেষ্টা আপনাদের কী বলেছে- এমন প্রশ্নে তিনি বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দল হিসেবে আমাদের সঙ্গে আলোচনা করেছে।”
বিফ্রিংয়ে নীল নকশার নির্বাচন কারা আয়োজনের চেষ্টা করছে? এ ধরনের নির্বাচনে আপনারা যাবেন কিনা? জানতে চাইলে তাহের বলেন, "নীল নকশা যারা করেন তাদের কিন্তু সব সময় সম্মুখে দেখা যায় না। আমরা দেখছি, সচেতন আছি। নির্বাচনি ট্রেন ছাড়লেও এখনো কিন্তু প্ল্যাটফর্ম পার হয় নাই। সুতরাং নির্বাচনের সঠিক যে প্রস্তুতি সেটা যদি নেওয়া হয় ও নির্বাচনের যেসব ফ্যাক্টর আছে সেসব যদি সুরাহা হয়, পূরণ হয়, তাহলে আমরা দৌড়াইয়া দিয়ে ট্রেনে উঠে পড়বো। সুতরাং অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সব বাধা দূর করত হবে৷
"প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস তিনটি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছিলেন। একটি হচ্ছে, কিছু বিষয়ে তিনি রিফর্ম করবেন, যেসব কারণে বারবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে ও স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল।"
জামায়াতের এই নেতা বলেন, "ড. ইউনুস আজও বলেছেন যে জুলাই সনদ হবে। এটা তাদেরই কাজ। কিন্তু সেটা না করেই নির্বাচনি ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের ভুল সিদ্ধান্ত।"
তিনি বলেন, "বাংলাদেশে আর কোনো নীল নকশার নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আমরা উদ্বিগ্ন যে, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোনো ধরনের পরিকল্পিত একটা নীল নকশার নির্বাচন আবার করা যায় কিনা সেই উদ্রেক তৈরি করছে।
"আমরা স্পষ্ট করে বলছি, বাংলাদেশে কোনো নীলনকশার নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। এবং এই সরকারকে জাতিকে নিয়ে সেই উদ্যোগ নিয়ে সেই পরিস্থিতিকে নিশ্চিত করতে হবে যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠিত হয়।"
তাহের বলেন, "আমরা তো প্রস্তুতি রাখিনি। তাহলে প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের কারণে আপনিও প্রশ্নবিদ্ধ হবেন। আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে কিন্তু তার আগে এইসব প্রশ্নের সকলে মিলে একটা সমাধান করতে হবে। সকলের সন্তুষ্টি ও সম্মতির ভিত্তিতে এবং অংশগ্রহণের মাধ্যমে নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
"আগে একটা গ্রুপ বাসস্থান দখলে নিয়েছিল এখন আর একটা গ্রুপ বাস স্ট্যান্ড দখলে নিয়েছে, আগে একটা গ্রুপ চাঁদাবাজি করতে এখন আর একটা গ্রুপ চাঁদাবাজি করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এই দখলদারদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আমরা সেটা দেখি না। এটা শুধু একটি দলে দায়িত্ব না, সরকারের দায়িত্ব।"
এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বিকাল সোয়া ৪টার দিকে যমুনায় যায় জামায়াতের প্রতিনিধি দল।
দলটির নায়েবে আমির তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।
এ বৈঠকের পর প্রধান উপদেষ্টা যথাক্রমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির সঙ্গে পৃথক বৈঠক করবেন।
জামায়াতের সঙ্গে প্রথম বৈঠক শেষে বিফ্রিংয়ে এসে আওয়ামী লীগের মত জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির তাহের।
তিনি বলেন, “জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।”
নির্বাচনের তারিখ ও জুলাই ঘোষণাপত্র ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করার অভিযোগ তুলে জামায়াতের নায়েবে আমির বলেন, "৫ অগাস্টের জুলাই ঘোষণাপত্রও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে হয়নি। সেটা একটি দলের মতকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেটাও নিরপেক্ষতা হারিয়েছিল এবং সেটা অসম্পূর্ণ ছিল। একই দিন বিকালে টেলিভিশনে নির্বাচনের তারিখ ঘোষণা সেটা আমাদের কাছে মনে হয়েছে কোনো একটা চাপে পড়ে, ওই দিন তারিখ ঘোষণা করতে হয়েছে। এখানে কোনো একটা চাপ ছিল, সেটা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি।
"সরকারের উচিত ছিল, জুলাই— সনদ প্রকাশের পর নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ দেওয়া উচিত ছিল। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এখানে আমরা একমত, তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নই। কিন্তু একটি দল, যখন আমরা নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা বলি তখনই বলে আমরা নির্বাচন চাই না। এটাই একটা ষড়যন্ত্র। আজকেও উনি বলেছেন জুলাই সনদ প্রকাশ করে নির্বাচন। কিন্তু এটা প্রকাশ না করে নির্বাচনের তারিখ ঘোষণা ভুল সিদ্ধান্ত। একটা দল যেভাবে চেয়েছে সেভাবে গেছে। আর বাকি সকল মেজর দল আমরা এক আছি যে জুলাই সনদ প্রকাশের পর নির্বাচনের কথা। আমরা এর জন্য লড়াই করছি আরেকটি দল, এটা ছাড়াই এগিয়ে যাচ্ছে।"
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রাখার দাবির কথা বৈঠকে তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা পিআরের কথা বলেছি। এখানে ঐকমত্য কমিশনে যে ৩১টি দল সংলাপ করেছে এর মধ্যে ২৫টি দল পিআর চায়। পিআর এই দেশে মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে। আমরা বলেছি, গত নির্বাচনে ভোট ডাকাতি, নির্বাচনে কালো টাকার প্রভাব, দিনের ভোট রাতে এগুলো থেকে বের হতে একটি নতুন ব্যবস্থায় ভোট আয়োজন করলে ভালো হবে। এটা হলে কেন্দ্র দখল হবে না, জোড় জবর দস্তি হবে না।
"আমরা মেজরিটি যেটা চাই সেটা না হলে আমাদের মেজরিটি দলের জন্য নির্বাচনে যাওয়া সংকুচিত হয়ে যাবে, প্রশ্নবোধক হয়ে যাবে। যেভাবে আছে এভাবেই নির্বাচন করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।"
জামায়াতের এই নেতা বলেন, "এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, যেমন নুরুর উপরে হামলা হল, তার আন্দোলনের ফসলই এই সরকার। তাকে লক্ষ্য করে যেভাবে পুলিশ হামলা করেছে, এটাকে ন্যাক্কারজনক বললে কভার হয় না। দু:খজনক বললে কভার হয় না, এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করতে হবে।
"আপনি বলবেন, নির্বাচনের আগে সব ঠিক হয়ে যাবে ভোটের দিন দেখবেন সব দখল হয়ে গেছে, তখন রাতে বিবৃতি দিয়ে দু:খ প্রকাশ করবেন এতে কোনো সমস্যা সমাধান হবে না।"
তিনি বলেন, "আমরা ড. ইউনুসকে আর একটা কথা বলেছি, এই সরকারকে দেখে মনে হচ্ছে সব কিছুর উপরে হাত পায়ের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। এখন সরকার যদি হাত পা ছেড়ে দেয় তাহলে দুষ্কৃতিকারীরাতো সুযোগ নেবে। আমরা বলেছি, আগে আপনারা যা ছিলেন, এখন তারচেয়েও শক্তিশালী ও কঠোর হতে হবে। কারণ একটা জাতীয় নির্বাচন তো করতে হবে।
"আর যে সমস্ত সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের দালালরা এখনো সিভিল ও পুলিশসহ প্রশাসনে রয়ে গেছে তাদের অবিলম্বে সরাতে হবে৷ দল নিরপেক্ষ, দক্ষ, যোগ্য লোকদের সেখানে নিয়ে আসতে হবে।”
জুলাই সনদ প্রকাশ না করলে নির্বাচনে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, "জুলাই সনদের ব্যাপারে আমরা যেসব বিষয়ে ঐক্যমত্যে এসেছি, সেসব ব্যাপারে শুধুমাত্র একটি দলই বিরোধিতা করে বাস্তবায়নে বাধা দিচ্ছে। আর বাকি সব দলই আমরা একমত। যেমন এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বাকিরা সবাই কিন্তু একমত।"
নির্বাচন আয়োজনে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের নায়েবে আমির বলেন, "সরকার যদি বাসস্ট্যান্ড দখলমুক্ত করতে না পারে, চাঁদাবাজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিতে পারে তাহলে এই সরকার জাতীয় নির্বাচনের মতো বিষয় কীভাবে সামলাবে? আমরা এতে শঙ্কিত, উদ্বিগ্ন আছি। এখনো সময় আছে, সরকার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে এই পরিস্থিতির উত্তোলন সম্ভব। পরিস্থিতির উন্নতি হলেই কেবল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব।"
যদি এর ব্যত্যয় ঘটে তাহলে দেশ নৈরাজ্যের দিকে যাবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
