২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

রোববার বিকাল সাড়ে ৪টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 05:04 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।

রোববার বিকাল সাড়ে ৪টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যরা হলেন— দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

এদিন প্রধান উপদেষ্টা বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গেও পৃথক বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপি এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। 

এ দুটি বৈঠকও যমুনায় হওয়ার কথা রয়েছে।

বিকাল ৩টায় বিএনপির সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও একই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সময় পরিবর্তনের অনুরোধ জানান। পরে বিএনপির সঙ্গে বৈঠকের সূচি পুনর্নির্ধারণ করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছেন। বর্তমানের উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে হয়তো আলাপ হতে পারে।

“ওনারা ৩টার সময় ডেকেছেন। ওই সময় আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আছে। এটা পূর্বনির্ধারিত। ফলে বিকাল ৩টায় নির্ধারিত বৈঠকটি পুনর্নির্ধারণ করা হয়েছে; বিএনপির প্রতিনিধি দল যাবে সাড়ে ৭টায়।”

শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ ঘিরে যৌথবাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি ওঠায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।

প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান উপদেষ্টা আমাদেরকে ডেকেছেন সাড়ে ৪টায়। আমরা চার সদস্যের প্রতিনিধি দল যাব।”