২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জামায়াতের

“যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে,” প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বলেন দলটির নায়েবে আমির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

আওয়ামী লীগের মত জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের তাদের এ দাবির কথা বলেন।

তিনি বলেন, “জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।”

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার চার দিন আগে ২০২৪ সালের ১ অগাস্ট নির্বাহী আদেশে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার দলটির ওপর থাকা সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ২৮ অগাস্ট।

এরপর চলতি বছর জানুয়ারিতে আদালতের আদেশে এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় জামায়াত।

অপরদিকে আন্দোলনের দাবির মুখে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনে চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে।

একই সঙ্গে জুলাই আন্দোলন দমনে ‘মানবতাবিরোধী’ অপরাধের অভিযোগে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়।

শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ ঘিরে যৌথবাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এর মধ্যে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি ওঠায় রাজনৈতিক অঙ্গনে আবার উত্তাপ দেখা দিয়েছে।

নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। প্রথমে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বিকাল সাড়ে ৪টায় বৈঠকে বসেন তিনি বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যরা হলেন- দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

এ বৈঠকের পর প্রধান উপদেষ্টা যথাক্রমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির সঙ্গে পৃথক বৈঠক করবেন।

জামায়াতের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার