২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশি-বিদেশি ‘ষড়যন্ত্র’, দলের নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা

“তারা রমজানের দিনেও উচ্চকণ্ঠে মিথ্যা কথা বলছে,” বিএনপিকে লক্ষ্য করে বলেছেন তিনি।

দেশি-বিদেশি ‘ষড়যন্ত্র’, দলের নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা

গণভবনে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 08:43 PM

Updated : 13 Apr 2023, 12:12 PM

আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে ‘ষড়যন্ত্র’ চলছে বলে নেতা-কর্মীদেরকে সতর্ক করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসস জানিয়েছে, বুধবার ক্ষমতাসীন দলের জেলা শাখার নেতা-কর্মীরা গণভবনে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ সতর্কবার্তা দেন।

সব ‘ষড়যন্ত্র’ মোকাবেলা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করার অঙ্গীকারও করেন সরকারপ্রধান। এ জন্য দলকে আরও শক্তিশালী করার পরামর্শও দেন তিনি।

শেখ হাসিনা বলেন, “জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে। অনেকেই এমন গতিতে একটি দেশের অগ্রগতি চায় না-তাই, তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে।”

জাতীয় নির্বাচন দরজায় ‘কড়া নাড়ছে’ উল্লেখ করে তিনি আওয়ামী লীগকে আরও শক্তিশালী করে জনগণের কল্যাণে আরও সম্মিলিতভাবে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “আমরা চাই আওয়ামী লীগের সংগঠন আরও শক্তিশালী হোক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। তাই আমরা বঙ্গবন্ধুর আদর্শে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

বিএনপি ও জাতীয় পার্টির মতো দলগুলো সামরিক স্বৈরশাসকের ‘পকেট থেকে’ গঠিত হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মাটি ও মানুষের দল নয় তারা।”

জনগণের জন্য কাজ করার কারণেই জনগণ তার দলকে ভোট দিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, “আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার জন্য কোনো ভোট কারচুপির প্রয়োজন নেই। কারণ, তারা সবসময় জনগণের সেবা করে তাদের আস্থা অর্জন করে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ কখনই ভোট ছাড়া ক্ষমতায় আসে না।”

গত দুটি জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন তোলায় বিএনপির সমালোচনা করে দলটির ইতিহাস তুলে ধরে শেখ হাসিনা বলেন, “যারা নির্বাচনের কথা বলছে, তারা বন্দুকের মুখে ক্ষমতায় এসেছে। তাই, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ২০০৮ সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলেনি, এ নির্বাচনে বিএনপি পেয়েছিল ২৯ আসন।”

তিনি বলেন, “বিএনপি এখনও তাদের আগের অবস্থানে রয়ে গেছে। অথচ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে আওয়ামী লীগ তার অবস্থানকে আরও এগিয়ে নিয়ে গেছে।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট রাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কথা স্মরণ করে জাতির পিতার কন্যা বলেন, “বাংলাদেশের জনগণই আমার পরিবার। আমি যা কিছু করেছি-তা মানুষের জন্য করেছি।”

পরিবারকে হারানোর ছয় বছর পর দেশে ফিরে আসার পর ‘আশ্রয় দেয়ায়’ দেশবাসী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধন্যবাদও জানান শেখ হাসিনা।

“আপনারা (দলের লোকজন) আমার পাশে থাকলে আমি জনগণের জন্য কাজ করতে পারব”, বলেন তিনি।

Image

গণভবনে দলীয় প্রধানের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ নেতরা

‘বাংলাদেশে অতি দারিদ্র্য থাকবে না’

২০০৯ সালে ক্ষমতায় আসার পর টানা তিন মেয়াদে তার সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমের কারণে দারিদ্র্যের হার ২০০৬ সালের ৪১ শতাংশ থেকে ২০২৩ সালে ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, অতি-দারিদ্র্যের হারও ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।

দারিদ্র্যের হার দ্রুততম সময়ে আরও দুই বা তিন শতাংশ কমিয়ে আনার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে কোনো অতি-দারিদ্র্য থাকবে না।”

গৃহহীনদেরকে বিনা পয়সায় বাড়ি প্রদান, স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, শিক্ষার হার বৃদ্ধিসহ সবকিছুই সরকার করছে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, তার দল ক্ষমতায় এলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।

গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়নের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাসস্থানের মতো প্রতিটি খাতে বাংলাদেশ ব্যাপক উন্নয়ন প্রত্যক্ষ করেছে।

সরকারের উন্নয়ন ‘দেখতে পাচ্ছে না’ বলে বক্তব্য রাখা বিএনপি নেতা ও তাদের সমমনাদের কঠোর সমালোচনাও করেন আওয়ামী লীগ প্রধান।

তিনি বলেন, “তারা প্রতিদিনই, এমনকি রমজানের দিনেও উচ্চকণ্ঠে মিথ্যা কথা বলছে। কেন তারা এমন করছে- আমি তা বুঝতে পারছি না।”