‘ফুটেজ দেখে’ ভোট বন্ধ করায় হতবাক মানুষ: তথ্যমন্ত্রী
জনগণই বলছে কমিশনের এ সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ, বলেন তিনি।
মাঠ পর্যায়ের নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন ভোট সুষ্ঠু হয়েছে, কোনো গণ্ডগোলও হয়নি- এরপরও ঢাকায় বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ভোট বন্ধ করায় মানুষ হতবাক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনে (ইসি) সরকারের কোনো ভূমিকা নেই মন্তব্য করে তিনি বলেন, “নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে এটিও প্রমাণিত যে, নির্বাচন সবসময় নির্বাচন কমিশনের অধীনেই হয়; তাদের সিদ্ধান্তই সবার ওপরে, সরকারের সেখানে ভূমিকা নেই।
“ফলে বিএনপিসহ কেউ কেউ যে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার প্রভৃতি নানা ধরনের সরকারের ফর্মুলা দেয় সেটিরও কোনো যৌক্তিকতা নেই।”
তথ্যমন্ত্রী বলেন, “গাইবান্ধার উপনির্বাচনে মাঠে কর্মরত নির্বাচন কমিশনের কর্মকর্তারা লিখিত দিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো গণ্ডগোল হয়নি। আর ৫০০ কিলোমিটার দূরে বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নির্বাচন কমিশন পুরো উপনির্বাচন বাতিল করেছে, যে কারণে জনগণই বলছে কমিশনের এ সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ।”
তিনি বলেন, “আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বা মন্ত্রী হিসেবে নয়, সেখানকার ভোটার, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন টক শোতে আমি যেটা দেখেছি-শুনেছি, তা থেকে আমাদের মনে হচ্ছে, সাধারণ জনগণ তাদের এই সিদ্ধান্তে হতবাক হয়েছে, কারণ নির্বাচনী এলাকার কোথাও কোনো ধরনের গণ্ডগোল হয়নি।
“এছাড়া কোনো পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। আর নির্বাচন কমিশন ৫০০ কিলোমিটার দূরে বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নির্বাচন বাতিলের সিদ্ধান্ত দিয়েছেন।”
প্রিজাইডিং অফিসারদের ‘লিখিত রিপোর্টের’ কপি তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “যেখানে নির্বাচন কমিশন এই কথাগুলো বলছে, সেখানে আমার কাছে ৯৮টা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের লিখিত রিপোর্ট আছে যে, ভোট সুষ্ঠু হয়েছে, কোনো ধরনের কোনো গণ্ডগোল হয়নি এবং তারা রিটার্নিং অফিসারের নির্দেশে ভোট বন্ধ করেছে।”
ঢাকা থেকে ৫০০ কিলোমিটার দূরের ক্যামেরার রেজুলেশন কেমন ছিল, ইন্টারনেট সংযোগ কেমন ছিল- তা নিয়েও প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “সেটি (গাইবান্ধা-৫) একটি দুর্গম এলাকা। সেখান থেকে সিসি ক্যামেরা কতটুকু স্বচ্ছ বা কারেক্ট ফুটেজ দিচ্ছিল সেটা একটা বড় প্রশ্ন।
“বোদ্ধাজনেরা বলছেন, সেখানে একজন বৃদ্ধ লোককে আরেকজন হাঁটতে সাহায্য করছে, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারদের জন্য কেউ চা এনেছে, পানি এনেছে, কেউ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেছে, আবার ঢুকেছে।
“নির্বাচন কমিশন যে বলছে সেখানে কোনো কোনো কেন্দ্রে তারা ভোটারের বাইরে লোক দেখতে পেয়েছেন, ইন্টারনেট রেজুলেশন যেখানে আপডাউন করে, সেখানে ৫০০ কিলোমিটার দূরে বসে ঠিকভাবে মানুষ চিহ্নিত করা সম্ভব কি না, প্রশ্ন রেখেছেন বোদ্ধাজনেরা।”
৫৩ কেন্দ্রের অভিযোগে পুরো নির্বাচন বাতিল হওয়া যৌক্তিক কি না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “নির্বাচন কমিশন বলেছে ৫৩টি কেন্দ্রে তারা এ ধরনের ঘটনা দেখেছে। ৫৩টি কেন্দ্র মানে ১৪৫টি কেন্দ্রের এক তৃতীয়াংশ।
“আমাদের প্রার্থীও প্রশ্ন রেখেছেন, সেই ৫৩টি কেন্দ্রের ভোট স্থগিত বা বাতিল হতে পারত, বাকি কেন্দ্রের ভোট কেন বাতিল হল। কমিশনের মতে অন্য কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোট হয়েছে, নির্বাচন কমিশনেরও কোনো আপত্তি নেই। তাহলে অন্য কেন্দ্রের ভোট কেন স্থগিত হল, মানুষের কাছে সেটাও একটা বড় প্রশ্ন।”
বুধবার চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, “এই সমাবেশ করার আগে বিএনপি হাঁকডাক দিয়েছিল যে, লাখ লাখ মানুষ হবে এবং চট্টগ্রাম শহরে জন জোয়ার তৈরি হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে পলোগ্রাউন্ডের এক-তৃতীয়াংশও পূর্ণ হয়নি।
“আমাদের ছেলেবেলায় পলোগ্রাউন্ডে মাঝে মধ্যে ভ্যারাইটি শো হতো। ভ্যারাইটির শো’র সময় যত লোক হতো, গতকাল তাদের সমাবেশে তার চেয়ে একটু বেশি হয়েছে।”
তিনি বলেন, “জনগণ যে তাদের ডাকে সাড়া দেয়নি সেটির প্রমাণ হচ্ছে সেখানে এমনকি তাদের কর্মীরাও আসেনি। গতকাল (বুধবার) তাদের সমাবেশে কেউ বাধা সৃষ্টি করেনি। নির্বিঘ্নে তারা নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রামগড়, কক্সবাজার একশ-দেড়শ কিলোমিটার দূর থেকে সবাই এসেছে। এরপরও পলোগ্রাউন্ড মাঠের এক-তৃতীয়াংশও পূর্ণ হয়নি।”
