২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাকর্মীদের পড়াশোনা নিয়ে শেখ হাসিনার ‘আক্ষেপের কথা’ জানালেন কাদের

ওবায়দুল কাদের বলেন, “আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোর দিয়ে ছাত্রনেতারা যখন হাঁটত, তখন মেয়েরা দেখার জন্য ক্লাসরুমের দরজায় চলে আসত, তারা দেখত নেতা যাচ্ছে। আর এখন সরে যায়, কারণ তারা ভয় পায়।”

নেতাকর্মীদের পড়াশোনা নিয়ে শেখ হাসিনার ‘আক্ষেপের কথা’ জানালেন কাদের

আওয়ামী লীগের নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির পরিচিতি সভায় ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 05:18 PM

Updated : 24 Jul 2023, 06:07 PM

নিজ দলের নেতাকর্মীরা পড়াশোনায় পিছিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাধ্য হয়ে ভিন্ন মতের সহকর্মীদের’ সঙ্গে নিয়ে কাজ করতে হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দলটির নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ করে কাদের বলেন, “বিসিএস পরীক্ষা দিই, কিন্তু লিখিত পরীক্ষায় টিকতে পারি না। লিখিত পরীক্ষায় পাস করলে ভাইভাতে গিয়ে আউট। আজকে আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে খুবই কষ্ট পান, তাকে বাধ্য হয়ে অনেক সময় ভিন্নমতের সহকর্মীদের সঙ্গে কাজ করতে হয়। এটা তিনি প্রকাশও করেন।

“ছেলেমেয়েরা কেন বিসিএস পরীক্ষায় অংশ নেয় না, পড়াশোনা কেন করে না, এ প্রশ্নগুলো তিনি প্রায়ই করেন। কোনো ছেলে-মেয়ের ভালো ফলাফল পেলেই সঙ্গে সঙ্গে তিনি বলেন, বিসিএস পরীক্ষা দাও। আমাদেরতো লোক দরকার। সচিবালয়ে আরও কোয়ালিটি দরকার।"

ওবায়দুল কাদের বলেন, "বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পরে গত ৪৮ বছরে সর্বশেষ্ঠ অর্জনের নাম শেখ হাসিনা। তার কমিটমেন্ট, সততা, নৈতিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা, সহাস, দৃঢ়তা, শিক্ষা, সবমিলিয়ে তিনি সবার সেরা।"

নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, কিছু ব্যক্তি বা গোষ্ঠি এদেশে ‘নানা কায়দা, কৌশলে’ ক্ষমতার মঞ্চে অধিষ্ঠিত হয়ে রাজত্ব করে গেছে।

“এদেশে প্রধান প্রধান দলের যারা কর্তৃত্বে এবং নেতৃত্বে এসেছেন, তারা রাজনীতি থেকে আসেনি এবং তাদের উত্তরসূরী যারা, তাদের ধ্যান-ধরণা, মন মানসিকতা রাজনীতি থেকে আসেনি। সেই রাজনীতি ঔপনিবেশিক বস্তা পচা রাজনীতি। ওই রাজনীতি যারা ধারণ করে, তারা মাটি ও মানুষের নেতা নয়।

"আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই বঙ্গবন্ধু পরিবার আমাদের আদর্শ। এ পরিবার আমাদের সবকিছু শিক্ষা দেয়। এই পরিবার আমাদেরকে সততা ও সাহস শিক্ষা দেয়, দুইটাই এ পরিবার থেকে পাই।"

‘সেই গ্ল্যামার আর গাম্ভীর্য নেই’

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির কোনো সদস্য কোনোভাবেই দেশের বাইরে থাকতে পারবে না বলে হুঁশিয়ার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, "উপ কমিটির কোনো সদস্য অন্য কোনো কমিটিতে থাকতে পারবে না। এক কমিটির কোনো সদস্য অন্য উপ কমিটিতে থাকতে পারবে না। উপ কমিটির কোনো সদস্য জেলার কোনো সংগঠনের কোনো পদে থাকতে পারবে না।

“যারা আছেন তারা বাংলাদেশে থাকতে হবে, কতক্ষণ লন্ডনে, নয় মাস আমেরিকায়, আমাদের বাংলাদেশ এমন লোক আমাদের উপ কমিটিতে কোনো প্রয়োজন নেই। কমিটি গঠনের ক্ষেত্রে কোথাও এরকম লোকজন থাকলে সেটা সংশোধন করে নেবেন।"

নেতাদের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, "বাংলাদেশের বেশিরভাগ বক্তাই গৎবাঁধা বক্তব্য রাখেন। একটা সেট আছে, কেউ ১৯৪৯ সাল থেকে শুরু করেন, কেউ ৭৫ থেকে শুরু করেন। কিন্তু এর ভেতরে তথ্য নিয়েও কথা আছে। এতে আমাদের জ্ঞান-গরিমার পরিচয়তো দিতে পারি না।"

ভালো ছেলে মেয়েদের রাজনীতিতে টানার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "আমাদের একটা ছাত্র সংগঠন আছে। অনেক কমিটি পাঁচ ছয় সাত বছর হয় না। কোথাও কমিটি হলেও কোথাও হলেও ঠিকমত কাজ করছে না, এগুলো তদারকি করতে হবে, দেখতে হবে।

"ইডেন গার্লস কলেজের প্রকৃত সমস্যাটা কী, তাদের নেতৃত্বে সমস্যা কী দেখার জন্য আমি সাধারণ সম্পাদক কে বলেছিলাম। ছাত্র রাজনীতিতে তাদের আকর্ষণ করতে হবে। সেটা আপনাদেরও দেখতে হবে।”

ছাত্র রাজনীতির নেতৃত্বের ‘গ্ল্যামার আর গাম্ভীর্য সবই হারিয়ে গেছে’ বলে আক্ষেপ করেন ছাত্রলীগের এক সময়ের সভাপতি ওবায়দুল কাদের।

তিনি বলেন, “ছাত্র রাজনীতির সুদিন ফিরিয়ে আনতে হবে, দেশের জনগণের কাছে ছাত্র রাজনীতি ভালোবাসার হতে হবে। আগে ছাত্রদের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র-ছাত্রীরা ভালোবাসত, এখন ভয় করে। ভয় যেন না করে, ভালোবাসতে হবে। ভালোবাসলে ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে।

“আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোর দিয়ে ছাত্রনেতারা যখন হাঁটত, তখন মেয়েরা দেখার জন্য ক্লাসরুমের দরজায় চলে আসত, তারা দেখত নেতা যাচ্ছে। আর এখন সরে যায়, কারণ তারা ভয় পায়। তাদের ভালোবাসতে হবে, তাহলে রাজনীতিকেও তারা ভালবাসবে।”

আওয়ামী লীগের ভবিষ্যত নেতা কে?

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশে তথ্যপ্রযুক্তিতে ‘নীরব অভ্যুত্থান’ হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

জয়ের প্রসঙ্গ ধরে তিনি বলেন, "অথচ তিনি আসেন নীরবে, চলে যান নিঃশব্দে। আত্মপ্রচারে নিমগ্ন নন। আমরা মাঝে মাঝে ভাবি, প্রত্যক্ষ রাজনীতিতে তিনি (জয়) কেন আসেন না।

“সেই প্রশ্নের উত্তরে নেত্রী (শেখ হাসিনা) বলেন, ‘লিডারশিপ কার কাছে যাবে, সময় বলে দেবে, ভাগ্য বলে দেবে। আমার কাউকে জোর করে কিছু বানাতে হবে না।’ সব রাজনৈতিক উপস্থিতি থেকে তিনি (শেখ হাসিনা) তাকে (জয়) বাদ রেখেছেন।"

আওয়ামী লীগের বিগত সম্মেলনের সময় সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে ছিলেন, তাকে সম্মেলনে আমন্ত্রণও জানানো হয়েছিল বলে জানান কাদের। 

তিনি বলেন, "জয় বলেছিল, ‘মায়ের (শেখ হাসিনা) অনুমতি পেলে যাব।’ মায়ের অনুমতি ছিল না, সেই কারণে আমরা দাওয়াত করেও, যাকে আমরা দলের ভবিষ্যৎ নেতা ভাবি, তাকে আনতে (সম্মেলন) পারিনি।"

বিএনপিকে পরামর্শ

সরকারপতনের এক দফা আন্দোলনে রাজপথে থাকা বিএনপিকে ডেঙ্গু থেকে সতর্ক থেকে কয়েল নিয়ে আসার পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, "লাঠিসোঁটা নিয়ে আগেও এসেছে, কম্বল নিয়ে এসেছে, হাঁড়িপাতিল নিয়ে পিকনিকের মত করেছে। এটাতো নতুন না, তারা পিকনিক পার্টি করেছে বহুবার। যেখানে সমাবেশ সেখানেই পিকনিক পার্টি।

“আরেকটা জিনিস এখন হয়তো বেশি করে আসবে, সেটা হল মশার কয়েল। ডেঙ্গু মশা সেটা আমিও একটু স্মরণ করিয়ে দিলাম বিএনপিকে, যে মশার কয়েলটা নিয়ে আসবেন। যেন আন্দোলন করতে এসে হাসপাতালে ভর্তি হতে না হয়।"