একই ট্রেনে নাশকতা, কেন ব্যবস্থা নেওয়া হয়নি, রিজভীর প্রশ্ন
রাশিয়া ও ভারতের ওপর ভর করে সরকার ‘একতরফা’ নির্বাচন করার পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় প্রাণহানির পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, ট্রেনটি কয়েকদিন আগে দুর্ঘটনায় পড়ার পর কেন নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি?।
ভাওয়াল গাজীপুর ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে রাখায় গত ১৩ ডিসেম্বর ভোররাতে সেখানে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকো মাস্টারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
মঙ্গলবার ভোরে ঢাকায় সেই ট্রেনটিতেই আগুন দেওয়া হলে পুড়ে মারা যান একটি শিশুসহ চারজন।
মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিঙে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা কে করেছে তা এখন জনগণের কাছে সুস্পষ্ট হয়ে উঠেছে। আর পুলিশ কমিশনার সাহেব আপনি কোনো কিছু তদন্ত না করেই বলে দিলেন যে, এটা অবরোধ-হরতালকারীরা করেছে।
“এই অবরোধ-হরতালকারীদের ওপর দায় চাপানো এটা পূর্বপরিকল্পিত…এটা আমরা বার বার বলি যে, সরকার এখন জঙ্গি নাটক করবে, নাশকতার নাটক করবে। সেটা এখন বাস্তবে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে আজকের রেলওয়ের ঘটনাটাও তাই।”
একই ট্রেনে বার বার কেন নাশকতার ঘটনা ঘটছে আর প্রথমবার দুর্ঘটনার পর সরকার কেন এই রুটে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।
রাশিয়া ও ভারতের ওপর ভর করে সরকার ‘একতরফা’ নির্বাচন করার পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, “উনি (শেখ হাসিনা) ভাবছেন ‘রাশিয়া আছে, ভারত আছে- আমার আবার ভয় কিসের? রাশিয়া ও ভারত আমাকে সমর্থন দিলে আমার কিসের ভোট সেন্টার লাগবে, কিসের ভোটার লাগবে, কিসের স্বচ্ছ নির্বাচন লাগবে?”
“তাদের (রাশিয়া ও ভারত) কর্তা ব্যক্তিরা মাঝে মধ্যে স্টেটমেন্ট দিচ্ছেন। বাংলাদেশে গণতন্ত্র থাকুক বা না থাকুক, তাতে ভারতের কোনো যায় আসে না আর রাশিয়ার তো মোটেও যায় আসে না। আর নিজের দেশে গণতন্ত্রের বিশাল ঘাটতি, একনায়তন্ত্রের শাসন। সুতরাং আজকে তাদের সমর্থনে শেখ হাসিনার পোয়াবারো।”
ভারদের সমালোচনা করে রিজভী বলেন, “ভারত নিজে গণতান্ত্রিক দেশ কিন্তু অন্য দেশের গণতন্ত্র বা গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক সমাজ গঠিত হোক, এটা তারা চাচ্ছে না। যে ক’জন কর্তাব্যক্তি এসেছেন তারা প্রত্যেকেই জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে, জনসমর্থনহীন সরকারকে সমর্থন দিচ্ছেন। এতে বাংলাদেশের মানুষ বিস্মিত, হতবাক। ভারতের কাছ থেকে এটা কামনা করা যায় না। কিন্তু যারা আধিপত্যবাদী শক্তি তারা সবসময় চায় তার আশপাশের ছোট দেশগুলোকে কবজা করতে।”
গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ আরো ২২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ৮টি মামলায় ৭৯৫ জনের বেশি নেতাকর্মীকে আসামি করেছে বলে দাবি করেন রিজভী।
বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলে জানান তিনি।
