১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নুরের ওপর ‘হামলার আইনানুগ’ তদন্ত দাবি ফখরুলের

“আমরা বর্তমানে একটি অত্যন্ত স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 02:27 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপরে ‘হামলার’ ঘটনার আইনানুগ তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় বিএনপির পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই।

“আমি এই ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”

শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা।

এ ঘটনায় তাৎক্ষণিক মশাল মিছিলের ডাক দেয় গণঅধিকার পরিষদ। রাত সাড়ে ৯টায় মশাল মিছিল কর্মসূচি শেষে বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে বলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন।

তার দাবি, গণঅধিকার পরিষদের হামলার প্রতিবাদে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাত সাড়ে ৯টার দিকে তাদের মশাল মিছিলের কর্মসূচি ছিল। 

“সেটি শেষ করে গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে।”

তিনি বলেন, লাঠিপেটায় নুরুল হক গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

এ ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর বলেছে, পুলিশ ‘সহযোগিতা’ চাওয়ায় দুই দলের সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা সম্পৃক্ত হন।

আইএসপিআর বলছে, ‘শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য’ হওয়ার পর সেনাবাহিনী সেখানে ‘মব ভায়োলেন্স’ ঠেকানোর জন্য বল প্রয়োগে বাধ্য হয়।”

সেনাবাহিনীর পাঁচ সদস্যের আহত হওয়ার কথাও জানানো হয় আইএসপিআরের তরফে।

ঢাকা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন নুরের দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপি মহাসচিব।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে দলের মহাসচিব বলেন, “আমরা বর্তমানে একটি অত্যন্ত স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। 

“আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যে আজ যা ঘটেছে, তেমন অস্থিতিশীলতামূলক ঘটনা যেন আর ছড়িয়ে পড়তে না পারে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে।”

মির্জা ফখরুল বলেন, “বিএনপি এবং মিত্র গণতন্ত্রপন্থী অংশীদারদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই জয়ী হতে হবে। দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন এবং বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে।”

তিনি বল্নে, “যদি আমরা বাংলাদেশের অগ্রগতি দেখতে চাই, তাহলে আমাদের মবের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত, আইনের শাসন সমুন্নত রাখা উচিত এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত।”

বিএনপি মহাসচিব বলেন, “কেবলমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতাবান করার এবং সকলের জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারবো।”

আরও পড়ুন:

নুরের জ্ঞান ফিরেছে

জাতীয় পার্টি ও গণঅধিকারের সংঘর্ষ, ঢাকা মেডিকেলে নুর

কার নির্দেশে 'নুর ভাই রক্তাক্ত', সেনাপ্রধানকে জবাব দিতে হবে: সারজিস