২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান, এটা ন্যক্কারজনক: মান্না

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনও নিশ্চুপ বিএনপি।

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান, এটা ন্যক্কারজনক: মান্না

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে গণতন্ত্র মঞ্চ ও বিএনপির নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 08:18 PM

Updated : 13 Feb 2023, 08:18 PM

নতুন রাষ্ট্রপতির মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করেছেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মান্না বলেন, “এবার ঘটনাটা খুবই ন্যক্কারজনক-অশ্লীল একটা বিষয় হয়েছে যে, বোঝা গেল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান।

“একটা রেজ্যুলেশন নিয়ে বলা হলে যে, উনি (প্রধানমন্ত্রী) যাকে মনে করেন তাকে দেবেন। মিনিমাম যে একটা ডেকোরাম আছে, একটা ইলেকশন হয়, ভোট হয়… সমস্ত জিনিসকে পদদলিত করা হল। এ থেকে বোঝা যাচ্ছে যে, কতখানি স্বেচ্ছাচারী মানুষ হতে পারে। নির্বাচনে জেতার জন্যও এইরকম করবে, এখান থেকে তার একটা প্রমাণ পাওয়া যাবে।”

নতুন রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ মনোনয়ন দেয় দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এই মনোনয়নের দায়িত্ব দিয়েছিল দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

রাষ্ট্রপতি পদে কেবল একজন প্রার্থী থাকায় মো. সাহাবুদ্দিন সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সংসদ থেকে পদত্যাগ করে আসা বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। দলটির নেতারা বলছেন, এনিয়ে তাদের কোনো আগ্রহ নেই।

মান্না বলেন, “ব্যক্তিগভাবে কে রাষ্ট্রপতি হলেন, না হলেন খুব বেশি ‘ভেরি’ করে না। রাষ্ট্রপতির ‘ফাংশন ও ডিউটি ডিফারেন্ট’- তিনি এড়িয়ে যেতে পারবেন না এবং প্রধানমন্ত্রীর কতগুলো বিষয় আছে সব ব্যাপারে তার (প্রধানমন্ত্রী) কথা শুনতে হবে।”

পুরনো খবর:

কে হবেন রাষ্ট্রপতি? দায়িত্ব শেখ হাসিনাকে দিল আওয়ামী লীগের সংসদীয় দল
বঙ্গবন্ধুর ডাকে রাজপথে নামা সাহাবুদ্দিন চুপ্পু যাচ্ছেন বঙ্গভবনে
সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

মান্নার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে সাংবাদিকরা নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চান।

তিনি বলেন, “আমাদের ‘রিঅ্যাকশন’ আমার দল থেকে দেবে। এই মিটিং (লিয়াজোঁ কমিটি) থেকে আমি রিঅ্যাকশন দিতে পারব না। আমাদের দলের সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিলে পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।

“এইটুকু বলতে পারি, একজন-তন্ত্রের দেশে অনেক সম্ভব অসম্ভব হইতে পারে, আবার অনেক অসম্ভব সম্ভব হইতে পারে- সেই দৃষ্টান্ত।”

সোমবার বিকালে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির নেতারা বৈঠক করেন বিএনপি নেতাদের সঙ্গে। এক ঘণ্টার বৈঠকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে একটি যৌথ ঘোষণার খসড়া প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।