২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক নেতা-কর্মীরা ‘অমানবিক’ আচরণের শিকার হচ্ছে: বিএনপি

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা ‘বিঘ্নিত’ হওয়ার নিন্দাও জানিয়েছে বিএনপি।

আটক নেতা-কর্মীরা ‘অমানবিক’ আচরণের শিকার হচ্ছে: বিএনপি

ঢাকার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 05:51 PM

Updated : 15 Dec 2022, 06:03 PM

আটক নেতা-কর্মীদের সঙ্গে ‘অমানবিক’ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ অভিযোগ করেন।

তিনি বলেন, “কারাবন্দি শীর্ষ নেতৃবৃন্দসহ সব নেতা-কর্মীদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে।”

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সাবেক মন্ত্রী ও এমপিরা কারাগারে ডিভিশন পাওয়ার কথা থাকলেও শুরুতে তা না দেওয়ার বিষয়টি তোলেন প্রিন্স।

তিনি বলেন, “এমনকি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ অত্যন্ত অসুস্থ হওয়ার পরেও তাকে ডিভিশন দেওয়া হয় নাই। বীর মুক্তিযোদ্ধা দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে দেওয়া হয়নি ডিভিশন।”

এছাড়া দলের শীর্ষ নেতাদের আটকের পর ২৪ ঘণ্টার বেশি সময় হাজতে রাখার কথাও বলেন তিনি।

প্রিন্স বলেন, গ্রেপ্তার অধিকাংশ নেতা-কর্মী ডায়াবেটিস, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত থাকলেও ওষুধপত্র পর্যন্ত কারাগারে দিতে দেওয়া হচ্ছে না।

“তাদের প্রয়োজনীয় কাপড়-চোপরও কারাগারে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। কারাবন্দিদের পরিবারের পক্ষ থেকে বারবার প্রয়োজনীয় জিনিসপত্র কারাফটকে নিয়ে গেলে কর্তৃপক্ষ তা ফিরিয়ে দিচ্ছে।”

কারাবন্দি নেতা-কর্মীদের সঙ্গে এমন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান প্রিন্স।

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের আগে ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের পর কার্যালয়ে অভিযান চালিয়ে সাড়ে ৪০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন দলের মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে আটক করা হয়।

পুরনো খবর:

নয়া পল্টনে সংঘর্ষ: উসকানির অভিযোগে গ্রেপ্তার ফখরুল ও আব্বাস

মার্কিন রাষ্ট্রদূতকে ‘হেনস্তার’ নিন্দা

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা ‘বিঘ্নিত’ হওয়ার নিন্দা জানিয়ে সরকারকে অভিযুক্ত করেছেন প্রিন্স।

বুধবার সকালে তেজগাঁওয়ের শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিলেন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে তাকে স্মারকলিপি তুলে দেওয়ার চেষ্টা করেন ‘মায়ের কান্না’ নামের আরেকটি সংগঠনের কর্মীরা। তখন তড়িঘড়ি করে পিটার হাস গাড়িতে করে ওই স্থান ত্যাগ করেন।

প্রিন্স বলেন, “এটা খুবই দূঃখজনক ঘটনা। আওয়ামী লীগের দুঃশাসনের যে অপরাজনীতি তা থেকে বাংলাদেশের কেউ তো নয়ই, বিদেশিরা আজকে নিরাপদ নয়। এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

“এই ঘটনার পরপরই প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় বক্তব্য দিয়েছেন, তাতে প্রমাণ করে এই ঘটনার সাথে তারা জড়িত। তারা উস্কানি দিয়ে সেখানে লোক পাঠিয়ে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী গাড়ির ওপরে আঘাত করেছে।”

এর আগেও ঢাকার মোহাম্মদপুরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের পতাকাবাহী গাড়িতে এই সরকারের নির্দেশেই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, “আমরা মনে করি, এই ঘটনার মধ্য দিযে বিদেশে দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হবে। বাংলাদেশে যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানবাধিকার নেই, এখানে যে একটা অপশাসন চলছে সেটাই আরও ফুটে উঠবে।”

পুরনো খবর:

নিখোঁজ বিএনপি নেতার বাসা থেকে তড়িঘড়ি ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত
Image

সংবাদ সম্মেলনে ছাত্রদলের নিখোঁজ আবদুর রহিমের সন্ধান চেয়েছে বিএনপি। এ সময় আবদুর রহিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

‘নিখোঁজ’ আবদুর রহিমের সন্ধান দাবি

প্রিন্স বলেন, “ঢাকা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমকে সরকার বহুবার তুলে নিয়েছিল, তার ওপর নির্মম অত্যাচার করেছিলো, গ্রেপ্তার করেছিলো, তার বিরুদ্ধে ৩৭টি মিথ্যা মামলা সরকার দিয়েছিল।

“সেই আবদুর রহিমকে গত ১২ ডিসেম্বর রাতে আনুমানিক রাত ৮টায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।”

সংবাদ সম্মেলনে আবদুর রহিমের বাবা-মাসহ পরিবারের সদস্যরাও ছিলেন।

প্রিন্স বলেন, “তারা গভীর ‍উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা একবার থানায় দৌড়াচ্ছেন, একবার ডিবি অফিসে যাচ্ছেন, আরেকবা‌র জেলখানায় যাচ্ছেন, কোথাও কেউ আবদুর রহিমের খোঁজ তাদেরকে দিচ্ছে না।

“আমরা অবিলম্বে আবদুর রহিমকে জনসমক্ষে হাজির এবং তাকে তার পরিবারের কাছে নিঃশর্তভাবে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।”

আবদুর রহিমকে ডিবি অফিসে আছে দাবি করে বিএনপি দপ্তর সম্পাদক বলেন, “গত ১২ ডিসেম্বর রাতে ইশরাক হোসেনের বাসায় যখন পুলিশ ও সাদা পোষাকের সদস্যরা তল্লাশি করে সেই সময়ে পুলিশের গাড়িতে স্থানীয় লোকজন আবদুর রহিমকে দেখতে পেয়েছে বলে তাদের কাছ থেকে আমরা এই তথ্যটি পেয়েছি।

“আবদুর রহিমের মাতা আবেদা খানম গত ১২ ডিসেম্বর ওয়ারী থানায় সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন যে, নিখোঁজ হওয়ার পর থেকে তার ফোন খোলা থাকলেও তার ফোন রিসিভ কেউ করেন নাই এবং ১৩ ডিসেম্বর থেকে ফোনটি বন্ধ আছে। ডিবি অফিস থেকে ‍যারা ছাড়া পেয়েছে তারা আবদুর রহিমের পিতাকে জানিয়েছে যে, আবদুর রহিম ডিবি অফিসে আছে। কিন্তু ডিবি অফিসে এটা স্বীকার করছেন না। তার ওপরে নির্মম অত্যাচার চালানো হচ্ছে বলে আবদুল রহিমের পিতা-মাতা আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আবদুল রহিম রয়েছে।”

এছাড়া গত ছয়দিন ধরে নিখোঁজ নেত্রকোণা স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমানের সন্ধান দাবি করেন প্রিন্স।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার, তাইফুল ইসলাম টিপু, কাজী রওনাকুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিরুজ্জামান শিমুল, আবদুস সাত্তার পাটোয়ারী, কামরুজ্জামান দুলাল উপস্থিত ছিলেন।