২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

জুলাই অভ্যুত্থানকে ‘ডিজাইন’ বলা বিএনপির নিলোফার মনির সমালোচনায় ছাত্রদল সভাপতি

“আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখান করলাম,” বলেন ছাত্রদল সভাপতি।

জুলাই অভ্যুত্থানকে ‘ডিজাইন’ বলা বিএনপির নিলোফার মনির সমালোচনায় ছাত্রদল সভাপতি
নিলোফার চৌধুরী মনি ও রাকিবুল ইসলাম রাকিব।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 01:30 AM

Updated : 11 Sep 2026, 03:33 PM

জুলাই অভ্যুত্থান নিয়ে সংরক্ষিত আসনে বিএনপির এমপি নিলোফার চৌধুরী মনির এক বক্তব্যের সমালোচনা করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বুধবার এক টকশোতে নিলোফার চৌধুরী বলেন, “জুলাই অভ্যুত্থানে ‘ডিজাইন’ তো অবশ্যই ছিল, তবে ষড়যন্ত্র ছিল কিনা তা জানি না।”

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে ফেইসবুক পোস্টে ছাত্রদল সভাপতি বলেন, “নিলোফার চৌধুরী মনি আপা, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে।

“কিন্তু গতকাল (বুধবার) টকশোতে জুলাই অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখান করলাম।”

রাকিব বলেন, “আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরো বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেই প্রত্যাশা করি।”

নিলোফার চৌধুরী মনি টকশোতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বলেন, “এই আন্দোলনে কারা যে মেইন ছিল, তা কেউ জানে না। একজন আরেক জনকে চেনে না। পাশে হাঁটতে গেছে, আন্দোলনে গেছে, পাশের আরেকজন পড়ে গেছে, মনে করছে যে সে নরমাল পড়েছে, আসলে সে মারা গেছে।

“গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই। স্নাইপারের গুলি ছিল, অনেকেই যারা পড়ে গেছে।”

আরেক প্রশ্নের জবাবে টকশোতে তিনি বলেন, “ডিজাইন তো অবশ্যই ছিল, তবে ষড়যন্ত্র ছিল কিনা তা জানি না। এটাও সত্যি, শুধু যারা আন্দোলনে ছিল, (আন্দোলন) যে কেবল তাদের হাতেই ছিল তা কিন্তু না।

“অনেক কিছু না জেনে তারা আবেগে এসেছিল, অন্যায়ের প্রতিবাদে এসেছিল। তারা একজন আরেকজনকে চেনে না।”