জনগণ আন্দোলনে আছে, থাকবে: রিজভী
“শেখ হাসিনার সরকার আমাদের নদীর স্রোতধারায়, আমাদের পদ্মার স্রোত, মেঘনার স্রোতেও ভেসে যাবে”, বলেন তিনি।
দ্বাদশ নির্বাচনের জাতীয় সংসদ ও সরকার গঠন শেষ হলেও ‘সরকার পতনে’ নেতা-কর্মীদের ‘আশার বাণী’ শুনালেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের নিচতলায় মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি বলেন, “এবার জনগণ আন্দোলনে আছে, আন্দোলনে থাকবে এবং সকল কর্মসূচি পালন করবে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতায় কামনায় এই আয়োজনে বিএনপি নেতা বলেন, ‘‘প্রতিবাদের একটি উর্বর ক্ষেত্র বাংলাদেশ। এই পলিমাটি বর্ষাকালে যেমন নরম হয় আবার চৈত্র মাসে এমন কঠিন হয়, ওই কাঠিন্যের প্রচণ্ড প্রভাবে অনেক স্বৈরাচার ভেসে গেছে বাংলার পদ্মা, মেঘলা, যুমনা, ধলেশ্বরী, শীতলক্ষ্যায়। শেখ হাসিনার সরকারও আমাদের নদীর স্রোতধারায়, আমাদের পদ্মার স্রোত, মেঘনার স্রোতেও ভেসে যাবে।”
শেখ হাসিনা সরকারও টিতে থাকতে পারবে না মন্তব্য করে রিজভী বলেন, ‘‘মোঘল আমলে বাদশা আকবরের একজন বুদ্ধিজীবী ছিলেন। আবুল ফজল তার নাম। তিনি বাংলা সম্পর্কে বলেছেন, ‘ধুলোর মধ্যে বিদ্রোহের ধুলা উড়ে। এই হচ্ছে বাংলা।
“শেখ হাসিনা মনে করেছেন প্রভুদের আশ্রয়ে-প্রশ্রয়ে আপনি ক্ষমতায় টিকে থাকবেন। সেই দিন এখন শেষ হয়ে এসেছে। নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে, মানুষ ভোট বর্জন করে মানুষ যেভাবে ‘বিজয়ের চিহ্ন’ দেখিয়েছে, এখান থেকে আপনার উপলব্ধি করা উচিত।”
‘বিএনপি কেন করি?’
রিজভী বলেন, ‘‘কেউ যদি আমাকে প্রশ্ন করত যে, আপনি বিএনপি করেন কেন? আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করেন না কেন? যুক্তি একটাই, জবাব একটাই, সেটা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এই দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‘‘বিএনপি করে নিজেকে গর্ববোধ করি। মামলা-হামলা-কারাগারে যাওয়া, নিপীড়ন-নির্যাতন-রিমান্ডে নেওয়া, একটানা ২৫দিন রিমান্ডে ছিলাম ২০১৫ সালে, কোনো কিছুই মনে হয়নি। কারণ, আমার মনে হয়েছে, আমি যে দলটি করি এটি অত্যন্ত ন্যায়সঙ্গত রাজনৈতিক দল। আমাদের সামনে আদর্শ আছে।”
জাতীয় পার্টির ভূমিকা উদাহরণ হয়ে থাকবে মন্তব্য করে তিনি বলেন, “এই নির্বাচনে তাদের প্রধান নেতা জিএম কাদের সাহেব কত কথা বললেন! এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, এরা গতবার রাতের বেলায় নির্বাচন করেছে, আরও কত কথা বললেন!
‘‘তারপরে শুধুমাত্র নিজের স্ত্রীর (শরীফা কাদের) জন্য গোটা দলকে ‘বিক্রি করে দিলেন’ এবং তার দলের লোকেরা শ্লোগান দিচ্ছে।”
রিজভী বলেন, “দেশের তরুণ সমাজ আওয়ামী লীগ করবে কেন? তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করায় ঘর-বাড়ি পুঁড়িয়ে, মানুষ হত্যা করে আন্দোলন করলেন। তারপরে এবার ক্ষমতায় এসে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন। আপনাদের দাবি আপনারা বাতিল করলেন আজীবন ক্ষমতায় থাকার জন্য।
‘‘অর্থাৎ যারা ব্যক্তিগত স্বার্থে দল বিক্রি করে দেয় জাতীয় পার্টি আর যদি আওয়ামী লীগ করতে হয় নিজেকে আগে ‘মোনাফেক’ হতে হবে। যে ‘মোনাফেক’ হতে পারবে সে আওয়ামী লীগ করতে পারবে।”
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টার্ক বাংলাদেশের আদালত নিয়ে যে বিবৃতি দিয়েছেন, তাতে তথ্যের ঘাটতি আছে্ বলে মন্তব্য করায় আইনমন্ত্রী আনিসুল হকের তীব্র সমালোচনা করেন রিজভী।
তিনি বলেন, “উনি মিথ্যা কথা বলতে পারেন বলেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী। তিনি সত্য কথা বললে তো আওয়ামী লীগ করতেন না।”
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সহসভাপতি নাজমুন নাহার বেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও মহিলা দলের বেশ কয়েকজন বক্তব্য রাখেন।
